২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কর্পোরেটে এখনও আইওএস শীর্ষে

সারাবিশ্বে সংখ্যার হিসেবে একচ্ছত্র আধিপত্য অ্যান্ড্রয়েড ডিভাইসের। তবে কর্পোরেট ব্যবহারকারীদের মধ্যে এখনও পুরনো সিংহাসন ধরে রেখেছে অ্যাপলের আইওএস অপারেটিং সিস্টেম।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2014, 05:41 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

কর্পোরেট ব্যবহারকারীদের মধ্যে এই আইওএস জনপ্রিয়তার খবর জানিয়েছে সিকিউর সফটওয়্যার নির্মাতা গুড টেকনোলজি। প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী ২০১৩ সালের শেষ তিনমাসে প্রতিষ্ঠানটির সেবা নেওয়া ব্যবহারকারীদের মধ্যে ৭৩ শতাংশ ছিল আইওএস ডিভাইস ব্যবহারকারী।

একই বছরের দ্বিতীয় প্রান্তিকে এর পরিমাণ ছিল ৬৯ শতাংশ, তৃতীয় প্রান্তিকে যা বেড়ে ৭২ শতাংশে পৌঁছেছিল।

গুড টেকনোলজির দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির সিকিউরড সফটওয়্যার ব্যবহার করছে এমন ডিভাইসগুলোর মধ্যে ৫৪ শতাংশ আইওএস স্মার্টফোন এবং ১৯ শতাংশ আইওএস ট্যাবলেট। এর বিপরীতে কর্পোরেট জগতে ব্যবহৃত অ্যান্ড্রয়েড ডিভাইস কম বেশি ২৬ শতাংশ।

তবে বিতর্কের সুযোগ রয়েছে গুড টেকনোলজির ওই প্রতিবেদন নিয়ে। সাধারণ ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তা হারালেও কর্পোরেট জগতে এখন বহুল ব্যবহৃত ব্ল্যাকবেরি ডিভাইস নিজেদের হিসেবের অন্তর্ভুক্ত করেনি প্রতিষ্ঠানটি। এছাড়াও বাদ দেওয়া হয়েছে গুগল অ্যাপস ব্যবহারকারীদের।