আক্রমণের শিকার ইন্টারনেট এক্সপ্লোরার
নিরাপত্তা ব্যবস্থার খুঁতের কারণে সাইবার আক্রমণের শিকার হচ্ছেন ইন্টারনেট এক্সপ্লোরার ১০ (আইই ১০) ব্যবহারকারীরা। মাইক্রোসফট কর্পোরেশনের ইন্টারনেট এক্সপ্লোরার ওয়েব ব্রাউজারের এই ভার্সনটির দুর্বলতা চিহ্নিত করে সাইবার আক্রমণের খবর জানিয়েছে সিকিউরিটি ফার্ম ফায়ারআই।
ইয়াহু নিউজ জানিয়েছে, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে আইই ১০-এর দুর্বলতাটি চিহ্নিত করে ফায়ারআই। সিকিউরিটি ফার্মটির দাবি নিরাপত্তা ব্যবস্থার ওই খুঁতের কারণে এর মধ্যেই সাইবার আক্রমণের শিকায় হয়েছেন ওয়েব ব্রাউজারটির কয়েক হাজার ব্যবহারকারী।
ভূক্তভোগীদের তালিকায় আছেন মার্কিন সেনাবাহিনীর বর্তমান এবং সাবেক কর্মকর্তারাও। আই ১০-এর ওই নিরাপত্তা খুঁত কাজে লাগিয়ে সাবেক ও বর্তমান মার্কিন সেনা কর্মকর্তাদের একটি ওয়েবসাইটে অনুপ্রবেশ করে একটি লিংক পোস্ট করে দিয়েছিল হ্যাকাররা।
ওয়েবসাইটের ভিজিটরদের রিডিরেক্ট করে একটি ক্ষতিকারক ওয়েব পেইজে নিয়ে যাচ্ছিল লিংটি। ওই ওয়েব পেইজ থেকে আবার ম্যালওয়্যার সংক্রমণ ছড়িয়ে পড়ছিল ভুক্তভোগীর অ্যাডোবি ফ্ল্যাশ সফটওয়্যারে।
হ্যাকাররা নির্দিষ্ট কিছু লক্ষ্রে আক্রমণ চালাতে আইই ১০ কাজে লাগিয়েছে বলে জানিয়েছেন ফায়ারআইয়ের গবেষক ড্যারিয়েন কাইন্ডলান্ড। হ্যাকারা মার্কিন সেনাসদস্যদের সাইটটি থেকে গোপন সামরিক তথ্য চুরির চেষ্টা করে থাকতে পারে বলেও জানিয়েছেন তিনি।
এদিকে আইই ১০ দুর্বলতাটির ব্যাপারে জানা আছে বলে নিশ্চিত করেছেন মাইক্রোসফটের মুখপাত্র স্কট হুউটেকার। ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
ইন্টারনেট এক্সপ্লোরারের সর্বশেষ ভার্সন হচ্ছে আইই ১১। এখন পর্যন্ত যাবতীয় সাইবার আক্রমণ থেকে নিরাপদ আছে ওয়েব ব্রাউজারটি। এতে খুঁত খুঁজে পাননি ফ্রিল্যান্স রিসার্চাররাও।
