কর্মক্ষমতা কমায় স্মার্টফোন
একদিনের কর্মব্যস্ততার শেষ থেকে পরবর্তী দিন শুরুর মাঝের বিরতির একটি অংশ ঘুম। দিনের কর্মব্যস্ততা শেষে শরীর ও মনকে চাঙা করতে ঘুমের বিকল্প নেই। আর তাই নিজেকে খেয়াল রাখতে হবে, ঘুম ঠিকমতো হচ্ছে কি না। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, রাতে ঠিকমতো ঘুম না হলে এর প্রভাব পড়ে পরবর্তী দিনে। গবেষকরা আরও জানান, সবচেয়ে কাছের প্রযুক্তি স্মার্টফোন রাতের ঘুম নষ্ট করার জন্য যথেষ্ট।
এ বিষয়ে যৌথ উদ্যোগে গবেষণা চালিয়েছে ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা, মিশিগান স্টেট ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন।
গবেষণার প্রতিবেদনে বলা হয়েছে, অনেক উচ্চপদস্থ কর্মকর্তা অফিসের নির্ধারিত কাজের জন্য অফিসের সময়ের অতিরিক্ত সময় ব্যয় করেন স্মার্টফোনে। দেখা গেছে, তারা আইফোনে অফিসের বসের সঙ্গে চ্যাট করে বিভিন্ন কাজের আপডেট দেন। এসএমএস আদান প্রদানের জন্য কোনো অফিসিয়াল সময় নেই। আর তাই অফিসিয়াল মেসেজ আদান-প্রদান সকাল ১০টায় ও হতে পারে আবার রাত ১০.৩০ মিনিটেও হতে পারে।
জরিপে দেখা গেছে, যারা স্মার্টফোনে ইমেইল চেক ও অন্যান্য কাজ করতে গিয়ে দেরিতে ঘুমান তাদের ঘুম পরিপূর্ণ হয় না। সকালে ঘুম থেকে উঠেও তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। অধিকাংশের ক্ষেত্রেই অপর্যাপ্ত ঘুমের কারণে বিকেল পর্যন্ত মনোযোগ দিয়ে কাজ করা কঠিন হয়ে পড়ে। মানসিকভাবেও অনেক চাপ তৈরি হয়।
প্রথম জরিপে অংশ নেন ৮২জন মধ্যম ও উচ্চপদস্থ কর্মকর্তা। তাদের কাছে জানতে চাওয়া হয় রাত নয়টার পর কতক্ষণ সময় আপনি স্মার্টফোন ব্যবহার করেন। সকালে ঘুম থেকে উঠে নিজেকে কতটুকু প্রাণবন্ত মনে করেন--এ ধরনের আরও কিছু তথ্য জানতে চাওয়া হয়। উত্তর মিলল-- রাত ৯টার পর বেশি সময় স্মার্টফোন ব্যবহার ও শেষরাতে ঘুমাতে গিয়ে অনেকের ঘুমই পরিপূর্ণ হয় না। এতে দিনের কাজে পরিপূর্ণ মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ে বলে জানালেন তারা।
হার্ভার্ড বিজনেস স্কুলের অধ্যাপক লেসলি পারলো জানান, রাতে ঘুম ভালো হলে কর্মীদের কাজে প্রাণবন্ততা বেড়ে যায়। “অধিকাংশ সময় আমরা গভীর রাত পর্যন্ত ল্যাপটপ, স্মার্টফোন ও টেলিভিশন দেখতে গিয়ে ঘুমের সময় নষ্ট করি।”
অপর একটি জরিপে ১৬১ জনকে নিয়ে গবেষণায় ধাপে ধাপে রাতে স্মার্টফোন ও অন্যান্য ডিভাইস ব্যবহার কমিয়ে আনা হয়। পরবর্তীতে দেখা গেছে, তাদের কাজের মানও আগের চেয়ে অনেক ভালো হচ্ছে। কাজে তাদের মনোযোগ ও অগ্রগতি বেড়েছে।
