গন্ধেই পরিচয়!
ফেসিয়াল রিকগনিসন, আঙুলের ছাপ আর আইরিস স্ক্যানের পর এবার এক নতুন বায়োমেট্রিক আইডিন্টিফিকেসন মেথড নিয়ে কাজ করছেন বিজ্ঞানীরা। গায়ের গন্ধ কাজে লাগিয়ে পরিচয় নিশ্চিত করার অভিনব ওই প্রযুক্তি নিয়ে গবেষণা করছেন স্পেইনের ইউনিভারসিডাড পলিটেকনিকা দে মাদ্রিদ এবং প্রযুক্তি প্রতিষ্ঠান সিস্টেমাস এসএলের বিজ্ঞানীরা।
প্রযুক্তি সংবাদবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ৮৫ শতাংশ ক্ষেত্রে গায়ের গন্ধ ব্যবহার করে নির্ভুলভাবে পরিচয় নিশ্চিত করা সম্ভব। এর ভিত্তিতে তুলনামূলক কম আক্রমণাত্মক বায়োমেট্রিক আইডিন্টিফিকেসান মেথড তৈরি করা সম্ভব বলে মনে করেছেন বিজ্ঞানীরা।
বায়োমেট্রিক আইডিন্টিফিকেসান মেথড হিসেবে আঙুলের ছাপ সবচেয়ে বেশি ব্যবহার করা হয় অপরাধীদের চিহ্নিত করতে। এ কারণে সাধারণ মানুষ এই প্রযুক্তি ব্যবহারে অনেক ক্ষেত্রেই অস্বস্তিতে পড়েন বলে মনে করেন বিজ্ঞানীরা। অন্যদিকে ফেসিয়াল রিকগনিসান বহুল ব্যবহৃত হলেও এই প্রযুক্তিতে ভুল হওয়ার হার তুলনামূলক বেশি।
তাই প্রচলিত বায়োমেট্রিক আইডিন্টিফিকেসান মেথডের বাইরে গায়ের গন্ধ দিয়েই পরিচয় নিশ্চিত করার নতুন প্রযুক্তি নিয়ে গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা। বিশেষ একটি স্টলের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার সময় একাধিক সেন্সর গায়ের গন্ধ থেকেই ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করবে, বিজ্ঞানীদের চিন্তাধারা অনেকটা এমনই।
এয়ারপোর্ট এবং বর্ডার চেকপয়েন্টের মতো ফটো আইডিন্টিফিকেসান প্রয়োজন এমন যে কোনো ক্ষেত্রে এই প্রযুক্তি ব্যবহার করা সম্ভব বলে মনে করছেন বিজ্ঞানীরা।
