২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেমেন্ট সিস্টেম নিয়ে বিতর্কে ইএ

জনপ্রিয় ভিডিও গেইম ডানজন কিপারের মোবাইল ভার্সনের ইন-অ্যাপ পেমেন্ট সিস্টেম নিয়ে বিতর্কের মুখে পরেছে মার্কিন গেইম ডেভেলপার ইলেকট্রনিক্স আর্টস(ইএ)। গেইমটি খেলার গতি বাড়াতে আর প্রয়োজনীয় আপগ্রেডের জন্য অনেক বেশি অর্থ খরচ করতে হয় অভিযোগ করেছেন অনেক গেইমারই।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2014, 05:23 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

বার্তাসংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ডানজন কিপারের পেমেন্টে সিস্টেম নিয়ে গেইমার এবং সমালোচক উভয়ের পক্ষের সমালোচনার মুখে পরলেও ইএ-র দাবি প্রচলিত মোবাইল গেইমের সঙ্গে মিল রেখেই তৈরি করা হয়েছে গেইমটি। এটি খেলার জন্য গেইমারদের অর্থ খরচেরও কোনো বাধ্যবাধকতা নেই বলে দাবি করেছে গেইম ডেভেলপার প্রতিষ্ঠানটি।

ইএ ডানজন কিপারের মোবাইল ভার্সন বাজারে ছেড়েছে ফেব্রুয়ারি মাসে। তারপর থেকেই প্রযুক্তিবিষয়ক বিভিন্ন সাইটে সমালোচনার মুখে পড়ে গেইমটি। সমালোচক এবং গেইমার উভয়পক্ষেরই অভিযোগ গেইমটির পেমেন্টে সিস্টেম এবং ধীর গতি নিয়ে। গেইমটির অনেক গুরুত্বপূর্ণ কাজ শেষ করার জন্য গেইমারকে ক্ষেত্র বিশেষে ৪ থেকে ২৪ ঘণ্টা পর্যধন্ত অপেক্ষা করতে হয়। আর অপেক্ষা করতে না চাইলে ব্যবহার করতে বিভিন্ন মূল্যবান রত্ন, যা একজন গেইমারকে কিনতে হবে গাঁটের পয়সা খরচ করেই। অথচ ডানজন কিপারের মোবাইল ভার্সন একটি ‘ফ্রি টু প্লে’ গেইম বলেই বাজারজাত করেছে ইএ।

এদিকে ইএ-র বিপক্ষে অবস্থান নিয়েছেন খোদ ডানজন কিপার নির্মাতা পিটার মলিনিউক্স। মলিনিউক্স ডানজন কিপার গেইমটি বানিয়েছিলেন ১৯৯৭ সালে। তার মতে মোবাইল ভার্সনে গেইমটির ভারসাম্য বজায় রাখতে পারেনি ইএ।

সমালোচনার মুখেও নিজেদের অবস্থানে অনড় আছে ইএ। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র দাবি করেন বাজারের প্রচলিত গেইমগুলোর সঙ্গে মিল রেখেই তৈরি করা হয়েছে ডানজন কিপারের মোবাইল ভার্সন। পেমেন্ট সিস্টেমটিও নাকি এর ব্যতিক্রম নয়। অ্যাপস্টোর আর গুগলপ্লেতেও গেইমটির ইতিবাচক রিভিউয়ের কথাও বলা হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। তবে এখানে লক্ষ করার বিষয় হল, ক্রাউড-ফান্ডিংয়ে পরিচালিত রিভিউ সাইট মেটাক্রিটিকে গেইমটির রেটিং ১০-এর মধ্যে মাত্র ০.৩। আর সাইটটিতে গেইমটি নিয়ে পোস্ট করা রিভিউগুলোর সিংহভাগই নেতিবাচক।