নিজের বুমেরাংয়ে ঘায়েল অ্যানোনিমাস
একেই বুঝি বলে নিজের তীরে নিজেই ঘায়েল হওয়া। আক্রমণের অস্ত্র হিসেবে অ্যানোনিমাসের সবচেয়ে পছন্দের অস্ত্র যে ‘ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস’ (ডিডিওএস) তা পুরানো খবর। এবার নিজেদের সেই ডিডিওএস আক্রমণের শিকার হয়েছে হ্যাকারদের আন্তর্জাতিক সংগঠনটি। সাবেক এনএসএ ঠিকাদার এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা নথি অনুযায়ী অ্যানোনিমাস হ্যাকারদের ঠেকাতে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা জিসিএইচকিউ ও ব্যবহার করেছিল একই ধরনের ডিডিওএস আক্রমণ।
এবিসি নিউজের প্রতিবেদেন অনুযায়ী, অ্যানোনিমাসকে শায়েস্তা করার লক্ষে অপারেশন রোলিং থান্ডার নিয়ে মাঠে নেমেছিল জিসিএইচকিউয়ের জয়েন্ট থ্রেট রিসার্চ ইন্টেলিজেন্স গ্রুপ(জেটিআরআইজি)। জেটিআরআইজিয়ের ডিডিওএস আক্রমণের মূল লক্ষ্য ছিল অ্যানোনিমাস সদস্যদের চ্যাটরুমগুলো। অ্যানোনিমাস সদস্যদের মধ্যে যোগাযোগ বন্ধ করে দেয়াই ছিল এর মূল উদ্দেশ্য।
চ্যাটরুমে হামলার পাশাপাশি ইমেইল, ফেইসবুক এবং বিভিন্ন অন্যান্য মাধ্যম ব্যবহার করে অ্যানোনিমাস সদস্যদের সাবধান করে দেয় জেটিআরজিআই। স্নোডেনের ফাঁস করা নথি অনুযায়ী ডিডিওএস আক্রমণ আর সাবধানবানীর এক মাসের মাথায় অ্যানোনিমাস চ্যাটরুমগুলোতে ব্যবহারকারীর সংখ্যা কমে যায় ৮০ শতাংশ।
অ্যানোনিমাস ঠেকাতে পাল্টা ডিডিওএস আক্রমণের খবর নিশ্চিত করা হয়েছে জিসিএইচকিউয়ের পক্ষ থেকে। জিসিএইচকিউয়ের সব কর্মকাণ্ডই আইন মেনে পরিচালিত হয় বলে এক আনুষ্ঠানিক বিবৃতিতে দাবি করা হয়েছে ব্রিটিশ গোয়েন্দা সংস্থাটির পক্ষ থেকে।
