ফেইসবুককে জন্মদিনে হ্যাকিং শুভেচ্ছা!
জন্মদিন উপলক্ষে শীর্ষ সোশাল মিডিয়া ফেইসবুককে এক অভিনব উপহার দিয়েছে সিরিয়াভিত্তিক হ্যাকারদের সংগঠন সিরিয়ান ইলেকট্রনিক্স আর্মি (এসইএ)। ফেইসবুকের ‘হু-ইজ ডোমেইন ইনফর্মেশন পেইজ হ্যাক করে ইমেইল কনটাক্ট সম্পর্কিত তথ্য পরিবর্তন করে দিয়েছিল সংগঠনটি।
প্রযুক্তি সংবাদবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, বরাবরের মতো এবারও টুইটার পোস্ট দিয়েই নিজেদের সাম্প্রতিক ‘কৃতিত্বের’ বড়াই করেছে এসইএ। এসইএর হ্যাকারদের টুইটার অ্যাকাউন্টগুলো থেকে ফেইসবুকের ডোমেইনের বিভিন্ন তথ্য পরিবর্তন করে দেওয়ার দাবি করা হয়েছিল। তবে সব তথ্য নয়, কেবল ইমেইল কন্ট্যাক্ট সম্পর্কিত তথ্যগুলোই এসইএ পাল্টে দিয়েছিল বলেই প্রমাণিত হয়েছে পরবর্তীতে।
প্রথম যে টুইটার পোস্টে ফেইসবুকের ডোমেইন হ্যাক করার দাবি করেছিল এসইএ তার প্রথম লাইনেই ছিল জন্মদিনের শুভেচ্ছা। আর দ্বিতীয় লাইনে ছিল ফেইসবুকের উপর দখলদারিত্বের দাবি।
ফেইসবুকের ‘নেইমসার্ভার রেকর্ড’ পাল্টে দেওয়ার ভুয়া দাবিও করেছিল এসইএ। হ্যাকাররা সত্যিই নেইমসার্ভার রেকর্ড পাল্টে দিলে ফেইসবুক ডটকমের বদলে হ্যাকারদের ঠিক করে দেওয়া অন্য সাইটে চলে যেতেন ব্যবহারকারীরা।
এসইএর আক্রমণের খবর নিশ্চিত করা হয়েছে ফেইসবুকের পক্ষ থেকেও। নেইমসার্ভার রেকর্ড নয়, হ্যাকাররা কেবল ইমেইল কন্ট্যাক্ট পাল্টে দিতে পেরেছিল বলে নিশ্চিত করেছেন এক ফেইসবুক মুখপাত্র। শেষ খবর পাওয়া পর্যন্ত ডেমেইনের উপর নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে ফেইসবুক, সম্পূর্ণ আপডেট করা হয়েছে ডোমেইন রেকর্ড।
সাম্প্রতিক সময়ে পশ্চিমা রাজনৈতিক এবং কর্পোরেট শক্তির জন্য হ্যাকারদের আন্তর্জাতিক সংগঠন অ্যানোনিমাসের পর সবচেয়ে বড় মাথাব্যথার কারণ এখন এসইএ। মোবাইল পেমেন্ট সেবাদাতা পেপাল, সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট এবং সর্বশেষ ফেইসবুকের মতো শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উপর হ্যাকারদের সংগঠনটির লাগাতার আক্রমণ চালিয়েই যাচ্ছে মধ্যপ্রাচ্যভিত্তিক হ্যাকারদের ওই সংগঠনটি।
