২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৮০ ভাগ দুর্ঘটনা কমাবে ভিটুভি

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বছরে মারা যায় অন্তত ৩০ হাজার মানুষ। দুর্ঘটনা এড়াতে গাড়িতে নতুন প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ওবামা প্রশাসন। এতে সামনে, পেছনে অথবা পাশ থেকে কোনো গাড়ি আসলে স্বর্য়ক্রিয়ভাবে বার্তা চলে আসবে চালকের কাছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2014, 06:00 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

যুক্তরাষ্ট্রের সড়কপথে প্রতিটি গাড়ি যাতে অন্যটির সঙ্গে যোগাযোগ করতে পারে এ জন্য ভেহিক্যাল টু ভেহিক্যাল (ভিটুভি) টেকনোলজি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে ওবামা প্রশাসন। ২০১৬ সাল নাগাদ ওই ব্যবহারের পরিপত্র জারি করবে প্রশাসন।

প্রত্যেক গাড়িতে ভিটুভি সেন্সর ব্যবহারের ফলে পেছন থেকে আসা কোনো গাড়ি সামনেরটিকে ধাক্কা না দিয়ে পাশ কাটিয়ে চলে যেতে পারবে অথবা স্বয়ংক্রিয়ভাবে গতি নিয়ন্ত্রণে চলে আসবে।

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন (ডট) ২০১২ সালে তিন হাজার গাড়িতে ভিটুভি প্রযুক্তি পরীক্ষামূলক ব্যবহার করে। এতে দেখা গেছে, ওই প্রযুক্তি ব্যবহার করা গাড়িগুলো সড়কপথে শতকরা ৮০ ভাগ পর্যন্ত দুর্ঘটনা এড়াতে সক্ষম।

যুক্তরাষ্ট্রের পরিবহন সচিব অ্যানথনি ফক্স এবিসি নিউজকে এ প্রযুক্তি সম্পর্কে বলেন, “গাড়িতে যাত্রীর নিরাপত্তার জন্য সিটবেল্টের মতো আরও কিছু নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন আছে। আমরা মনে করি তারবিহীন ভিটুভি টেকনোলজি ব্যবহারে একটি গাড়ি অন্যটির সঙ্গে যোগাযোগ করতে পারবে। এতে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে।”

১০০ থেকে ২০০ ডলারের মধ্যেই গাড়িতে ওই প্রযুক্তি ব্যবহার করা যাবে।