২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্মার্টওয়াচ দৌড়ে এইচটিসি

স্যামসাং আর গুগলের পর এবার স্মার্টওয়াচ দৌড়ে যোগ দিচ্ছে তাইওয়ানভিত্তিক প্রযুক্তি পণ্য নির্মাতা এইচটিসি। ২০১৪ সালেই পরিধানযোগ্য প্রযুক্তি পণ্য বাজারে ছাড়ার খবর নিশ্চিত করেছেন এইচটিসি চেয়ারম্যান চারওয়াং।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2014, 05:58 PM

Updated : 25 Apr 2022, 03:47 PM

অনলাইন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে স্মার্টওয়াচ আর পরিধানযোগ্য প্রযুক্তি পণ্য তৈরির খবর নিশ্চিত করেন ওয়াং। ব্লমবার্গকে ওয়াং বলেন, “আমরা স্মার্টওয়াচ আর অন্যান্য পরিধেয় প্রযুক্তি পণ্য নিয়ে ভাবছি অনেকদিন ধরেই। তবে সবার আগে আমাদের ব্যাটারি আর এলসিডির সমস্যার সমাধান করতে হবে।”

তবে বিস্তারিত কোনো তথ্য দেননি এইচটিসি চেয়ারম্যান।  এ বছরেই নতুন পরিধেয় প্রযুক্তি পণ্য বাজারে ছাড়ার কথা বললেও গোপনীয়তা বজায় রেখেছেন খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে। একই পন্থা অবলম্বন করেছেন এইচটিসি সিএফও চ্যাং চিয়ালিন।

২০১৩ সালের তুলনায় ২০১৪ সালটিকে এইচটিসি ইতিবাচক দৃষ্টিকোণ থেকেই দেখছে বলে মন্তব্য করেছেন তিনি।

স্মার্টওয়াচ আর পরিধেয় প্রযুক্তিপণ্য দিয়েই প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে চাইছে এইচটিসি। জানুয়ারি মাসে প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী ২০১৩ সালের শেষ তিন মাসে এইচটিসির নেট আয় ছিল ১ কোটি ডলার, ২০১২ সালের শেষ তিন মাসে যার পরিমাণ ছিল ৩.৪ কোটি ডলার।