২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আংটিতেই পরিধানযোগ্য প্রযুক্তি

হাতের মুঠোয় বিশ্ব- কথাটি আগামীতে হয়তো বলতে হবে হাতের আঙ্গুলে বিশ্ব। একদল তরুণ প্রকৌশলী উদ্ভাবন করেছেন ‘ফিন’ ডিভাইস। এটি হাতের আঙ্গুলে আংটির মতো লাগিয়ে বিভিন্ন ডিভাইস নিয়ন্ত্রণ করা যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2014, 07:51 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রচার করা এক ভিডিওতে দেখা গেছে ফিন ডিভাইস ব্যবহার করে হাতের ইশারায় কম্পিউটার, স্মার্টফোন, টিভির চ্যানেল ও ভিডিও গেইম নিয়ন্ত্রণ করা যায়। এ ছাড়া ভিডিও গেইম খেলার জন্য আলাদা মাউস বা গেইম কন্ট্রোলারও প্রয়োজন নেই।

দৃষ্টিশক্তিহীন ব্যাক্তিরাও ওই ফিন ব্যবহার করে বিভিন্ন গ্যাজেট চালাতে এমনকি হিসাব-নিকাশের কাজ করতে পারবেন বলে দাবী করা হয়েছে ভিডিওতে।

ফিন নির্মাতা প্রতিষ্ঠান আরএইচএল ভিসন টেকনোলজিস এর গবেষক রোহিলদেব ন্যাটুক্যালিঙ্গাল ম্যাশএবলকে বলেন, “এখন মানুষ আগের চেয়ে অনেক বেশি ব্যস্ত, তাই এখন তারা কেউই একসঙ্গে অনেকগুলো ডিভাইস চালাতে গিয়ে সময় নষ্ট করতে চান না।”

বহনযোগ্য এ ডিভাইস ব্যবহার করে টেলিভিশনের ভলিউম কমানো বা বাড়ানো যাবে। এ ছাড়া টেক্সট অথবা নাম্বার ডায়াল করা যাবে, যদিও এতে আলাদা কোনো কিপ্যাড নেই।

হাতের অঙ্গভঙ্গি বুঝতে সক্ষম হওয়ায় ডিভাইসটি হাতের নাড়াচাড়াকেই বিভিন্ন কমান্ড হিসেবে গ্রহন করে। এতে মোবাইলফোনে নম্বর ডায়াল থেকে প্রয়োজনীয় আরও অনেক কিছু করা সম্ভব।

ফিন একবার চার্জ দিলে দিনে ৮ ঘণ্টা করে ৩০ দিন অবধি চালানো যাবে। পাঁচটি ভিন্ন রংয়ে ডিভাইসটি বাজারে ছাড়ার কথা জানিয়েছে আরএইচএল ভিশন টেকনোলজিস।

চলতি বছর সেপ্টেম্বর নাগাদ ফিন বাজারে ছাড়ার সম্ভাবনা রয়েছে। প্রতিটি ফিন কিনতে খরচ হবে ১২০ ডলার।