২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার বিটকয়েন উদ্ধারে আইনি লড়াই

পিটার ওয়ার্ড নামে সিল্করোড সাইটের এক বিক্রেতা আইনের সাহায্যে তার আয়কৃত বিটকয়েন ফেরত পাওয়ার চেষ্টা করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2014, 07:13 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

অনলাইন ব্ল্যাক মার্কেটখ্যাত সিল্ক রোড ২০১৩ সালের অক্টোবরে বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র সরকার এবং সাইটটি থেকে ১৬ কোটি ৪০ কোটি ডলার আর্থিক সমমূল্যের বিটকয়েন জব্দ করে।

এক প্রতিবেদনে মার্কিন সাময়িকী ফোর্বস জানিয়েছে, ওয়ার্ড দাবি করছেন তিনি বৈধ দ্রব্যাদি বিক্রির মাধ্যমে একশ’ বিটকয়েন আয় করেছিলেন, যা সিল্ক সিটি বন্ধের সময় যুক্তরাষ্ট্র সরকার জব্দ করেছে। ওয়ার্ডের আয়কৃত একশ’ বিটকয়েনের বর্তমান মূল্য প্রায় ৯৫ হাজার ডলার।

বৃহস্পতিবার এ বিষয়টি নিয়ে ওয়ার্ড আইনজীবীর সাহায্যে তার দাবি আইনগতভাবে নথিভুক্ত করেছেন। এ প্রসঙ্গে ওয়ার্ড জানিয়েছেন, তিনি প্রমাণ করতে পারবেন যে তিনি বৈধ জিনিস বিক্রির মাধ্যমে বিটকয়েনগুলো আয় করেছিলেন। তার ভাষ্য অনুযায়ী, তিনি মাদকদ্রব্য নয়, বরং আনুষাঙ্গিক উপকরণ এবং যুক্তরাজ্যে বৈধ এমন জিনিস বিক্রি করেছেন। আর এসব বিক্রির জন্য সিল্ক রোডকে বেছে নেওয়ার কারণ হিসেবে তিনি জানিয়েছেন, সাইটটির প্রচুর গ্রাহক ছিল, যাদের মধ্যে অনেকের কাছেই তিনি দ্রব্যাদি বিক্রি করতে পারতেন।

এখানে উল্লেখ্য যে ২০১৩ সালের অক্টোবরের দুই তারিখে ওয়ার্ডকে ব্রিটিশ এজেন্টরা গ্রেপ্তার করেছিল ও সে সঙ্গে তার মাদকদ্রব্য সংক্রান্ত উপকরণসহ সব ইলেকট্রনিক যন্ত্র জব্দ করেছিল। সে সময়েও তিনি স্বপক্ষে একই যুক্তি দেখিয়েছিলেন। পরবর্তীতে তিনি জামিনে ছাড়া পান এবং তার বিরুদ্ধে আর কোনো অভিযোগ আনা হয়নি।