২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দোষী সাব্যস্ত হল স্পাইআই নির্মাতা

ব্যাংক চুরিতে সাধারণত যেসব কিট ব্যবহৃত হয় সেসবের পরিকল্পনাকারী ও নির্মাতা রাশিয়ান এক প্রোগ্রামার যুক্তরাষ্ট্রে দোষী প্রমাণিত হয়েছেন। গ্রেপ্তার হওয়া রাশিয়ান সে প্রোগ্রামারের নাম আলেকসান্দর পেনিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2014, 06:58 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, পেনিন ট্রোজান মালওয়্যার স্পাইআই তৈরি করেছেন যা বিভিন্ন পদ্ধতিতে গ্রাহকের জমানো অর্থ হাতিয়ে নিতে সক্ষম।

আইনজীবীরা জানিয়েছেন কোডটি এখনও ব্যবহৃত হচ্ছে এবং ২০০৯ সালে ছড়িয়ে পড়ার পর থেকে এ যাবত ১৪ লাখ পিসি-এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে। সাধারণত স্পাইআই একটি ভুয়া লগ-অন পেইজ প্রদর্শন করে পিন কোড চেয়ে থাকে। পেনিনকে ২০১৩ সালে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ গ্রেপ্তার করে। তাকে ব্যাংক এবং ওয়্যার জালিয়াতিতে দোষী সাব্যস্ত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের এফবিআই জানিয়েছে, সোলজার নামের এক সাইবার অপরাধী দাবি করেছে স্পাইআই প্রক্রিয়ার মাধ্যমে তিনি মাত্র ছয় মাসে ৩২ লাখ ডলার হাতিয়ে নিতে পেরেছে এবং ২০১৩ সালে ১০ হাজার ব্যাংক অ্যাকাউন্ট ক্ষতির শিকার হয়েছিল। এফবিআই আরও জানিয়েছে, স্পাইআই ইউজার ইন্টারফেসের একটি অংশে এটির ব্যবহারকারীদের ‘বিশ্বকে হ্যাক করো’ বলে প্ররোচিত করা হয়। ফেডারেল আইনজীবী জন হর্ন জানিয়েছেন, পেনিন প্রখ্যাত সাইবার অপরাধীদের মধ্যে একজন যাকে তারা ধরতে এবং আইনের অধীনে আনতে সক্ষম হয়েছেন।

অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়টি গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের উচিত রাশিয়ান নাগরিক গ্রেপ্তারের জন্য মস্কোতে গ্রেপ্তারের অভিযোগ জানানো। এখানে উল্লেখ্য যে, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে অপরাধী বিনিময় সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক চুক্তি নেই।