রেকর্ড আয় বৃদ্ধি ফেইসবুকের
লাভজনক বিজ্ঞাপন খাতের বদৌলতে জনপ্রিয় সোশাল নেটওয়ার্ক ফেইসবুকের আয় বেড়েছে ৬৩ শতাংশ যা প্রতিষ্ঠানটির জন্য একটি রেকর্ড। প্রতিষ্ঠানটির সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী ২০১৩ সালের শেষ ৩ মাসে ৫২.৩ কোটি ডলার লাভ করেছে ফেইসবুক, যার সিংহভাগই এসেছে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে।
বার্তাসংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১২ সালে তুলনায় ২০১৩ সালের শেষ তিন মাসে কেবল বিজ্ঞপনখাতে ফেইসবুকের আয় বেড়েছে ৭৬ শতাংশ। যার অর্ধেকেরও বেশি এসেছে মোবাইল অ্যাড থেকে। আর ২০১৩ সালে বিভিন্ন সেবাখাত থেকে প্রতিষ্ঠানটির মোট লাভ করেছে ১৫০ কোটি ডলারেরও বেশি।
এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ ব্যাপারে ফেইসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বলেন, ‘ফেইসবুকের জন্য বছরের শেষটা খুবই ভালো ছিল। আগামী এক দশকেও একই ভাবে পুরো পৃথিবীতে একইভাবে যোগাযোগ স্থাপন করতে চাই আমরা।”
ফেইসবুকের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, কেবল ২০১৩ সালের ডিসেম্বর মাসেই সোশাল নেটওয়ার্কিং সাইটটির গড় দৈনিক ব্যবহারকারীর সংখ্যা ছিল ৭৫.৭ কোটি। আর পুরো বছরে সক্রিয় ব্যবহারকারী বেড়েছে শতকরা ২২ শতাংশ।
