২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ফেইসবুক অ্যাপ ‘পেপার’

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ব্যবহারকারীদের জন্য নিয়ে আসছে নতুন আরেকটি অ্যাপ। প্রতিষ্ঠানটির মোবাইলনির্ভর এ অ্যাপটির নাম দেওয়া হয়েছে পেপার। পেপার অ্যাপটিতে ফেইসবুক কন্টেন্টগুলো ম্যাগাজিন স্টাইলে দেখা যাবে এমনটাই জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2014, 04:51 PM

Updated : 01 Sep 2026, 12:20 PM

এক প্রতিবেদনে সংবাদসংস্থা সিএনএন জানিয়েছে, বিশেষভাবে অ্যাপ তৈরির জন্য প্রতিষ্ঠিত ফেইসবুক ক্রিয়েটিভ ল্যাবসের তৈরি প্রথম অ্যাপ হবে এটি।

আসছে ফেব্রুয়ারির তিন তারিখে যুক্তরাষ্ট্রের আইফোন ব্যবহারকারীদের জন্য অ্যাপটি উন্মুক্ত করা হবে বলে জানানো হয়েছে ফেইসবুকের পক্ষ থেকে। এ অ্যাপটির মাধ্যমে ফেইসবুক ব্যবহারকারীরা বন্ধুদের বিভিন্ন কন্টেন্ট দেখার সঙ্গে সঙ্গে বড় বড় পোস্টও পড়তে পারবেন।

এছাড়াও ছবি, ভিডিও দেখার জন্যও আলাদা পেইজ থাকবে অ্যাপটিতে। ফেইসবুক জানিয়েছে, অ্যাপটিতে তারা বিভিন্ন উন্নতমানের কন্টেন্ট রাখবেন। ব্যবহারকারীরাও চাইলে নানা ধরনের কন্টেন্ট আপলোড করতে পারবেন অ্যাপটিতে। সেক্ষেত্রে আপলোড করার আগে অ্যাপটির মাধ্যমে কন্টেন্টের প্রিভিউও জানা যাবে। অ্যাপটিতে ফ্লিপবোর্ড, পিডলি এবং যাইটের মতো বিভিন্ন অপশন থাকবে। ব্যবহারকারীরাও চাইলে অপশনের সাহায্যে নিজের মতে করে অ্যাপটি সাজিয়ে নিতে পারবেন।

অ্যাপটি প্রসঙ্গে ফেইসবুক এক পোস্টে জানিয়েছে, ভিন্নধর্মী ডিজাইন, ফুলস্ক্রিন ও বিরক্তিকর কোনো লেআউট ছাড়াই পেপার গল্প বলাকে আরও সুন্দরভাবে তুলে ধরবে এবং ব্যবহারকারীরও এতে যাতে নিজেদের গল্প শেয়ার করতে পারে সে ব্যবস্থা করেছেন তারা।