মাইক্রোসফটের হাল ধরবেন সত্য নাদেলা!
সিনিয়র এক্সিকিউটিভ সত্য নাদেলাই নাকি হতে যাচ্ছেন শীর্ষ টেক জায়ান্ট মাইক্রোসফটের নতুন সিইও। ব্যবসা ও অর্থনীতিবিষয়ক মার্কিন দৈনিক ব্লুমবার্গের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী নাদেলাকে সিইও পদে নিয়োগ দিতে নাকি পুরোপুরি প্রস্তুত মাইক্রোসফটের বোর্ড অফ ডিরেক্টরস। শুধু তাই নয়, চেয়ারম্যান পদ থেকে বিল গেটসকে অপসারণের ব্যাপারে নাকি ভাবছে প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদ।
ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, নিয়োগ পেলে মাইক্রোসফটের ৩৮ বছরের ইতিহাসে তৃতীয় সিইও হবেন বর্তমানে প্রতিষ্ঠানটির ক্লাউড ডিভিশনের দায়িত্বে থাকা সত্য নাদেলা। এর আগে মাইক্রোসফটের বিজনেস ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট এবং আর অ্যান্ড ডি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
নাদেলাকে সিইও পদে নিয়োগের পাশাপাশি চেয়ারম্যান পদ থেকে বিল গেটসকে অপসারণের কথাও ভাবছে মাইক্রোসফটের বোর্ড অফ ডিরেক্টরস। এর কারণ হিসেবে এ সংশ্লিষ্ট একাধিক গোপন সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গ এবং সিনেট জানিয়েছে, চেয়ারম্যান এবং সিইও হিসেবে বিল গেটস এবং স্টিভ বলমারের মধ্যকার যে সখ্য ছিল তা নাও থাকতে পারে গেটস আর নাদেলার মধ্যে। তাই চেয়ারম্যান হলেও দীর্ঘদিন ধরে মাইক্রোসফট থেকে দূরে থাকা গেটসের সঙ্গে সম্ভাব্য ভুল বোঝাবুঝি এড়াতে সর্বেসর্বার পদ থেকে তাকে সরানোর কথাও ভাবছে মাইক্রোসফটের পরিচালনা পরিষদ।
নতুন সিইও কে হবেন, তা নিয়ে শীর্ষ টেক জায়ান্ট মাইক্রোসফট গোপনীয়তা বজায় রেখে বেশ কিছুদিন ধরেই। স্টিভ বলমার সিইও পদ থেকে সরে দাঁড়াবার ঘোষণা দেওয়ার পর থেকে প্রযুক্তিজগতে এ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। এরমধ্যেই ব্যবসা ও অর্থনীতিবিষয়ক দৈনিক ব্লুমবার্গের সাম্প্রতিক এই প্রতিবেদন ওই জল্পনা-কল্পনায় যোগ করেছে নতুনমাত্রা।
