জিংগার মালিকানায় ন্যাচারাল মোশন
৫২.৭ কোটি ডলারের বিনিময়ে ব্রিটিশ গেইম নির্মাতা ন্যাচারাল মোশনকে কিনে নিয়েছে সোশাল গেইমিং ফার্ম জিংগা। সিএসআর রেসিং আর ক্লামজি নিনজার মতো জনপ্রিয় গেইম নির্মাতা প্রতিষ্ঠানটি কিনে নেওয়ায় মোবাইল গেইমিংয়ের লাভজনক বাজারে এবার অভিষেক ঘটল ফার্মভিল আর মাফিয়া ওয়ার্স-এর মতো জনপ্রিয় গেইম নির্মাতা জিংগার।
বার্তাসংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ন্যাচারাল মোশন কিনে নেওয়ায় শীর্ষ পাঁচ গেইমিং ব্র্যান্ডের মালিকানা এখন জিংগার। ‘পিপল’ ক্যাটাগরির অন্তর্ভুক্ত ওই শীর্ষ পাঁচ গেইমের তালিকায় আছে ফার্মভিল, ক্যাসিনো, ওয়ার্ড উইথ ফ্রেন্ডস, সিএসআর রেসিং এবং ক্লামজি নিনজা গেইমগুলো।
মালিকানা বদল হলেও নতুন মোবাইল গেইমগুলো বাজারজাত করা হবে ন্যাচারাল মোশনের নামেই।
ডেস্কটপ গেইমিংয়ের জগতে জিংগা একসময় ঈর্ষণীয় সাফল্য পেলেও সাম্প্রতিক সময়ে ধস নেমেছে প্রতিষ্ঠানটির তৈরি গেইমগুলোর জনপ্রিয়তায়। বেশিরভাগ ব্যবহারকারী মধ্যে ডেস্কটপ বা ল্যাপটপের বদলে ট্যাবলেট আর স্মার্টফোনের মোবাইল গেইমিংয়ের জনপ্রিয়তা এখন বেশি। তাই ব্যবসা টিকিয়ে রাখতে জিংগা যে মোবাইল গেইমিংয়ের দিকেই ঝুঁকছে তা পরিষ্কার হয়ে গেছে ন্যাচারাল মোশন কিনে নেওয়ার ঘটনায়।
