রেকর্ড মুনাফা তবুও শেয়ার পতন অ্যাপলের
টেক জায়ান্ট অ্যাপল অক্টোবর থেকে জানুয়ারি প্রান্তিকের মুনাফা ঘোষণার পর প্রতিষ্ঠানটির শেয়ার নয় শতাংশ হ্রাস পেয়েছে। এ প্রান্তিকে প্রতিষ্ঠানটি মোট এক হাজার তিনশো’ এক কোটি ডলার মূনাফা অর্জন করেছে, প্রান্তিক আয়ের ক্ষেত্রে যা অ্যাপলে রেকর্ড।
সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, শেয়ার হ্রাস পাওয়ার বিষয়টি নিয়ে বিনিয়োগকারীরা চিন্তিত। বাজার বিশ্লেষকরা ২০১৪ সালে অ্যাপলের যতো মুনাফা হবে বলে প্রকাশ করেছিলেন, অ্যাপলের টার্গেট তার চেয়ে কম থাকা শেয়ার বাজারে প্রভাব ফেলে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টিম কুক এক বিবৃতিতে জানিয়েছেন, তারা আইপ্যাড এবং আইফোন বিক্রি নিয়ে সন্তুষ্ট। অ্যাপল জানিয়েছে, তারা আশা করছেন এ বছর প্রতিষ্ঠানটির আয় চার হাজার দুশো কোটি থেকে চার হাজার চারশ কোটির মধ্যে থাকবে। তবে বিশ্লেষকরা এর আগে এর চেয়েও খানিকটা বেশি আয় হবে এমনটাই পূর্বাভাস দিয়েছিলেন।
১৭ জানুয়ারি থেকে চীনে আইফোন বিক্রি শুর হলেও এশিয়ায় অ্যাপলের বিক্রির পরিমাণ নয় শতাংশ হ্রাস পেয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। অ্যাপলের আইপড বিক্রিও ৫৫ শতাংশ হ্রাস পেয়েছে। তবে এ বিষয়ে চিন্তিত নন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কুক। তিনি এ প্রসঙ্গে জানিয়েছেন, তিনি মনে করেন সবাই বেশ কিছুদিন ধরেই জানেন যে আইপড এখন পড়ন্ত ব্যবসা।
