অ্যাপল টিভিতে গেইমিং কনসোল
মাইক্রোসফটের গেইমিং কনসোল এক্সবক্স কিংবা সনির প্লেস্টেশনের মতো টেক জায়ান্ট অ্যাপল কোনো গেইমিং কনসোল বানাবে না বলে পূর্বাভাস পাওয়া গেছে। বরং অ্যাপল টিভি বক্সের সঙ্গে গেইমিং কনসোল যুক্ত করে দেবে বলে আভাস পাওয়া গেছে।
এক প্রতিবেদনে ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল জানায়, চলতি বছরের প্রথমার্ধে অ্যাপল টিভি বক্সে গেইমিং কনসোল ফিচার যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে আলাদা গেইমিং কনসোল ছাড়াই অ্যাপল টিভিতে বিভিন্ন ধরনের গেইম খেলা যাবে।
ওই প্রকল্প বাস্তবায়নের জন্য গত বছর অ্যাপল ২৮ কোটি ডলারে ইসরায়েলি প্রতিষ্ঠান প্রাইমসেন্স কিনেছে। প্রাইমসেন্স মাইক্রোসফটের গেইমিং কনসোল এক্সবক্সের জন্য কাইনেক্ট সেন্সর তৈরি করতো।
বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত এই ‘গুজব’ সত্যি হলে ৯৯ ডলারে অ্যাপল টিভি বক্সে গেইমিং কনসোলের সুবিধা পাওয়া যাবে।
চলতি বছরের প্রথমার্ধে অ্যাপল গেইমিং কনসোলযুক্ত অ্যাপল টিভি বক্স বাজারে ছাড়তে পারে বলে জানিয়েছে ডেইলি মেইল।
