গুগলের নতুন ক্রয় ‘ডিপমাইন্ড’
যে সম্ভাবনাকে অনেকটাই নিশ্চিত বলে ধরে নিয়েছিলেন অনেক প্রযুক্তি বোদ্ধা, সেই ঘোষণাটি এল সম্প্রতি। কৃত্রিম বুদ্ধিমত্তাকবিষয়ক গবেষণা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে ইন্টারনেট জায়ান্ট গুগলের কাছে। প্রতিষ্ঠানটি সম্প্রতি ৪০ কোটি ডলারে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ডিপমাইন্ডকে কিনে নিয়েছে।
তবে ঠিক কী কারণে প্রতিষ্ঠানটিকে কেনা হয়েছে সে বিষয়ে এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, গুগল যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান ডিপমাইন্ডকে কেনার ব্যাপারটি নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানায়নি।
অন্যদিকে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক এ প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে লেখা আছে, তাদের লক্ষ্য হচ্ছে যন্ত্রের সবচেয়ে সর্বোত্তম পদ্ধতির সঙ্গে নিউরোসায়েন্সকে সমন্বিত করে সাধারণের ব্যবহারের লক্ষ্যে অ্যালগোরিদম শেখার শক্তিশালী পন্থা তৈরি করা। তবে ডিপমাইন্ড প্রধানত কী করে তা খুব কম মানুষই জানে এমনটাই বলা হয়েছে ম্যাশএবলের প্রতিবেদনে।
এর আগেও গুগল রোবোটিকস এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসংশ্লিষ্ট কাজ করে এমন কিছু প্রতিষ্ঠান কিনেছে। এগুলোর মধ্যে কয়েকটি হচ্ছে ডিএনএন রিসার্চ, ওয়াভি এবং বস্টন ডায়নামিক।
