২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল পেমেন্ট বাজারে অ্যাপল!

মোবাইল পেমেন্টের জগতে যোগ দিতে তৈরি হচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী অ্যাপলের সফটওয়্যার অ্যান্ড সার্ভিস ভাইস প্রেসিডেন্ট এডি কিউ নাকি এর মধ্যেই এ বিষয়ে আলোচনা শুরু করে দিয়েছেন শীর্ষ ইন্ডাস্ট্রি এক্সিকিউটিভদের সঙ্গে।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2014, 04:24 PM

Updated : 01 Sep 2026, 12:18 PM

ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে বর্তমান বিশ্ব বাজারে সবচেয়ে দ্রুত প্রসারিত ব্যবস্যাখাতগুলোর একটি হল মোবাইল পেমেন্ট সার্ভিস। গত এক দশকে স্কোয়ার এবং পেপালের মতো একাধিক প্রতিষ্ঠান এই খাতে পেয়েছে সাফল্য।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুয়ায়ী আইটিউনস সেবার বিপুল সংখ্যক গ্রাহকের সুবাদে রাতারাতি মোবাইল পেমেন্ট সার্ভিসের জগতেও শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে আবির্ভাব ঘটতে পারে অ্যাপলের।

২০১২ সালে খোদ অ্যাপল সিইও টিম কুক জানিয়েছিলেন আইটিউনসে ৪০ কোটি গ্রাহক লেনদেনে সারতে ক্রেডিট কার্ড ব্যবহার করেন।

২০১৩ সালে অ্যাপলের প্রতিবেদন অনুযায়ী আইটিউনসের রয়েছে ৫৭.৫ কোটি গ্রাহক, যাদের সিংহভাগের ক্রেডিট কার্ডটিও রেজিস্ট্রার করা আছে আইটিউনসের অ্যাকাউন্টে।

প্রতি বছর অ্যাপল প্রযুক্তি পণ্য বিক্রি ও সেবা কয়েক বিলিয়ন ডলার আয় করে থাকে। এমন অবস্থায় মোবাইল পেমেন্টজগতে প্রতিষ্ঠানটির আবির্ভাব এর লাভের অংক বাড়িয়ে দিতে পারবে গাণিতিক হারে।

ওয়াল স্ট্রিট জার্নালের ওই প্রতিবেদন অনুযায়ী মোবাইল পেমেন্টে সেবা চালুর ব্যাপারে উঠেপড়ে লেগেছে অ্যাপল। পদোন্নতি পেয়েছেন অ্যাপলের অনলাইন স্টোরের দায়িত্বে থাকা জেনিয়ার বেইলি। কার কাঁধে এখন রয়েছে পেমেন্ট সার্ভিস তৈরির গুরুদায়িত্ব।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন সত্যি হলে বর্তমান মোবাইল পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর জন্য এটি একটি দুঃসংবাদ বৈকি। হয়তো খুব শিগগিরই পেপাল আর স্কোয়াশেরও মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াবে অ্যাপল।