ফোন কল ডেটা সংগ্রহ অবৈধ
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর কার্যক্রমের অংশ হিসেবে ফোন কল ডেটা সংগ্রহের বিষয়টি অবৈধ এবং সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে তা খুবই ক্ষুদ্র ভূমিকা পালন করে বলে ঘোষণা করেছে দেশটির দ্য প্রাইভেসি অ্যান্ড সিভিল লিবার্টিস ওভারসাইট বোর্ড।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বোর্ডটির তিন-দুই সংখ্যাগরিষ্ঠের মতামত অনুযায়ী এ কর্মসূচীটি বন্ধ করে দেওয়া উচিত।
গত সপ্তাহের এক গুরুত্বপূর্ণ বক্তব্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা জানিয়েছিলেন, তিনি এ সংক্রান্ত ডেটা ব্যবহার বন্ধের নির্দেশ দিয়েছেন। তবে সে সঙ্গে তিনি এটিও জানিয়েছিলেন, সন্ত্রাসী আক্রমণ প্রতিহত করতে যুক্তরাষ্ট্রের অবশ্যই এসব ডেটা সংগ্রহ করতে হবে। উল্লেখ্য, এ সংক্রান্ত ডেটা সংগ্রহের অনুমতি দেওয়া হয়েছিল সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের শাসন আমলে। সেসময় দেশটির ‘প্যাট্রিয়ট অ্যাক্ট’ আইনের অধীনে এফবিআইকে এ ধরণের ক্ষমতা প্রদান করা হয়েছিল।
পিসিএলওবি এর এক প্রতিবেদনে জানা গেছে, ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) সাবেক ঠিকাদার এডওয়ার্ড স্নোডেন এজেন্সিটির ডেটা সংগ্রহের বিষয়টি ফাঁস করে দেওয়ার পর এর বৈধতা নিয়ে ওয়াশিংটনে নানাবিধ তর্কবিতর্ক হয়েছে। পরবর্তীতে পাঁচ সদস্যবিশিষ্ট প্যানেলের তিন জনই একমত হয়েছেন যে প্যাট্রিওট আইনের অধীনে এনএসএ-এর এই গুপ্তচরবৃত্তি কর্মসূচীর বৈধ ভিত্তিটি টেকসই নয়। এর ফলে বোর্ডটি সরকারকে পরামর্শ দেয় এ কর্মসূচীটি বন্ধ করে দিতে।
প্রেসিডেন্ট ওবামা বোর্ডের পরামর্শের ভিত্তিতেই তার বক্তব্যটি দেন। সেখানে তিনি স্বীকার করেন যে বিষয়টির অপব্যবহার হচ্ছে এবং জানান তিনি এ প্রক্রিয়াটি বন্ধ করতে যাচ্ছেন।
