২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পার্কিং ঠিক রাখতে টুইটার

পার্কিংয়ের নিয়ম-কানুন ঠিক রাখতে ইতালির রাজধানী রোমের পুলিশেরা চালু করেছেন নতুন ব্যবস্থা। নতুন এ ব্যবস্থায় সাহায্য নেয়া হচ্ছে মাইক্রোব্লগিং সাইট টুইটারের। কেউ নির্ধারিত জায়গা ছাড়া পার্কিং করলে রোমের পুলিশের অ্যাকাউন্টে অভিযোগ জানানো যাবে এবং পুলিশ কয়েক ঘন্টার মধ্যেই আইন অনুযায়ী পদক্ষেপ নেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2014, 06:03 PM

Updated : 01 Sep 2026, 12:18 PM

এক প্রতিবেদনে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, টুইটারে পুলিশের এ অ্যাকাউন্টটি হচ্ছে @PLRomaCapitale।

কোনো সচেতন নাগরিক যদি দেখেন আইন ভঙ্গ করে যত্রতত্র গাড়ি পার্ক করা হয়েছে তবে তারা পুলিশের টুইটার অ্যাকউন্টটিতে অভিযোগ জানাতে পারবেন। পুলিশ বিষয়টি জানার কয়েক ঘন্টার মধ্যে ব্যবস্থা গ্রহণ করে অভিযোগকারীকে পাল্টা টুইটের মাধ্যমে পদক্ষেপ নেয়ার বিষয়টি জানাবে এমনটাই প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। এ প্রসঙ্গে নতুন পুলিশ প্রধান রাফায়েল ক্লেমেন্তে জানিয়েছেন, কিছু কিছু অবৈধতা, নিয়ম-ভাঙা এবং অপরাধ প্রতিহত করার জন্য সামাজিক মাধ্যমগুলোতে শেয়ারিং বেশ প্রয়োজনীয়।

রোমের অন্যতম একটি বড় সমস্যা হচ্ছে অত্যাধিক ভিড়। রোমের অর্ধেকেরও বেশি নাগরিক নিজস্ব বাহন ব্যবহার করে। প্রতি একশ’ বাসিন্দার ৭০ জনেরই গাড়ি রয়েছে। যার কারণে প্রায়ই পার্কিং নিয়ে সৃষ্টি হয় সমস্যার। অনেক সময় ডবল পার্কিংয়ের জন্য গাড়ি চলাচলেও সমস্যা হয়।

পুলিশের এ নতুন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেক নাগরিক। এ ব্যবস্থা চালু হওয়ার সাত ঘন্টার মাথায় ২৫টি গাড়িকে জরিমানা করতে পেরেছে পুলিশ- জানানো হয়েছে পুলিশের টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে।