এক্সপেরিয়ায় ফোর কে ভিডিও
এইচডি ভিডিওর নতুন স্ট্যান্ডার্ড ফোর কে রেজুলিউশনে ভিডিও করার ফিচার থাকবে সনির নতুন এক্সপেরিয়া স্মার্টফোনে। নতুন এক্সপেরিয়ার আনুষ্ঠানিক মডেল নম্বরটি ঠিক হয়নি এখনও, পরিচিতি ‘সিরিয়াস (Sirius)’ বা ‘ডি৬৫০৩ ( D6503)’ কোডনেইম দিয়ে। এক কথায় সনির বর্তমান ফ্ল্যাগশিপ এক্সপেরিয়া জেড১-এর উত্তরসূরী হবে ‘সিরিয়াস’।
প্রযুক্তিসংবাদবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট অপারেটিং সিস্টেমে চলবে সিরিয়াস। ৪কে ভিডিও রেকর্ডিংয়ের জন্য থাকবে বিশেষ হার্ডওয়্যার এবং সফটওয়্যার।
স্মার্টফোনটির বিশেষ ফিচারগুলোর মধ্যে আরো থাকবে সনির ‘স্মার্ট কল হ্যান্ডলিং’। এতে স্মার্টফোনের স্ক্রিন স্পর্শ না করেই কানের কাছে দরলেই রিসিভ হয়ে যাবে ইনকামিং কল, ঝাঁকি দিলে কেটে যাবে কলটি। আর উপুর করে রাখলে মিউট হয়ে যাবে ইনকামিং কল।
এছাড়াও থাকবে বিল্ট-ইন অ্যান্সারিং মেশিন, স্মার্ট ব্যাকলাইট কন্ট্রোল এবং স্টেরিও স্পিকার।
