২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাইভ চ্যাটে স্নোডেন

২০১৩ সালের জুন মাসে মার্কিন সরকার ও গোয়েন্দা সংস্থা এনএসএ-র গোপন তথ্য ফাঁস করার পর প্রথমবারের মতো লাইভ চ্যাটে সরাসরি প্রশ্ন-উত্তর পর্বে অংশ নিতে যাচ্ছেন সাবেক এনএসএ ঠিকাদার এডওয়ার্ড স্নোডেন। বৃহশ্পতিবার স্নোডেনের প্রশ্ন-উত্তর পর্বটি সরাসরি ওয়েবকাস্ট করবে ফ্রিস্নোডেন ডটআইএস (FreeSnowden.is) সাইটটি।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2014, 04:56 PM

Updated : 01 Sep 2026, 12:16 PM

প্রযুক্তি সংবাদবিষয়ক সাইট সিনেট ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, এনএসএ-র কর্মকান্ডের উপর সম্প্রতি জারি করা আংশিক নিষেধাজ্ঞা এবং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাম্প্রতিক ভাষণ নিয়ে নিজের প্রতিক্রিয়া জানাবেন স্নোডেন।

শুক্রবারের ওই ভাষণে এনএসএ এখন থেকে আদালতের অনুমতি ছাড়া যথেচ্ছা তথ্য সংগ্রহ করতে পারবে না বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ওবামা।

২০১৩ সালের জুন মাসে মার্কিন গোয়েন্দাসংস্থা এনএসএ-র ‘অনৈতিক’ পন্থায় সংগ্রহ করা বিভিন্ন তথ্য ফাঁস করে দেয়া শুরু করেন স্নোডেন। ১৭ লাখ গোপন ও স্পর্শকাতর তথ্য চুরির অভিযোগে মার্কিন সরকারের মোস্টওয়ান্টেড লিস্টের শীর্ষে এখন এডওয়ার্ড স্নোডেন। মার্কিন সরকারের রোষ থেকে বাঁচতে রাশিয়ায় এখন নির্বাসিতের জীবনযাপন করছেন এনএসএ-র ওই সাবেক ঠিকাদার।