চীনে আইফোন জোয়ার শুরু
বিশ্বের বৃহত্তম মোবাইল অপারেটর চায়না মোবাইল শুক্রবার থেকে টেক জায়ান্ট অ্যাপলের আইফোন বিক্রি শুরু করেছে। এ উপলক্ষ্যে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক ওই দিন চীনে চায়না মোবাইলের চেয়ারম্যান জি গোহোয়া’র সঙ্গে প্রতিষ্ঠানটির দোকানে উপস্থিত ছিলেন। সেখানে তারা আইফোন কিনতে আসা গ্রাহকদের অটোগ্রাফসম্বলিত আইফোন বিক্রি করেছেন।
এক প্রতিবেদনে সংবাদ সংস্থা সিএনএন জানিয়েছে, শুক্রবার বিক্রির আগেই গ্রাহকদের কাছ থেকে প্রায় ১২ লাখ আইফোনের অর্ডার পেয়েছিল চায়না মোবাইল।
কুক চীন প্রসঙ্গে জানিয়েছেন, চীন অ্যাপলের জন্য বেশ গুরুত্বপূর্ণ, শুধু এর আকারের জন্যই নয়, অন্যান্য বেশ কিছু কারণেও। আর চায়না মোবাইল প্রসঙ্গে তিনি জানান, চায়না মোবাইলের মধ্যে তারা এমন একটি প্রতিষ্ঠান খুঁজে পেয়েছেন যা তাদের সঙ্গে ব্যবসা করা অন্যান্য সব প্রতিষ্ঠান থেকে বেশ আলাদা। প্রতিষ্ঠানটি দক্ষতা, আকার এবং বৃদ্ধিমতার দিক থেকে অসাধারণ।
চীনে বর্তমানে আইফোন পাঁচ নম্বর স্থানে রয়েছে। পিছিয়ে থাকার জন্য বেশ কিছু কারণও আছে। তবে তার মধ্যে প্রধান কারণটি হচ্ছে আইফোনের মূল্য। দেশটিতে ১৬ গিগাবাইটের আইফোন ৫এস এর দাম নির্ধারণ করা হয়েছে ৫২৮৮ ইয়ান বা ৮৭৪ ডলার। আর ১৬ গিগাবাইটের আইফোন ৫সি এর মূল্য ধরা হয়েছে ৪৪৮৮ ইয়ান বা ৭৪২ ডলার। ভিন্ন এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছিল, চীনে একশ’ ডলারেই ভালোমানের স্মার্টফোন পাওয়া যায়। বিষয়টি বিবেচনা করে চায়না মোবাইলের গ্রাহকদের জন্য আইফোনের দাম আরও কমানো উচিত অ্যাপলের এমনটাই প্রতিবেদনে মন্তব্য করেছে সিএনএন।
