২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন উইন্ডোজভিত্তিক ৫ দাবী

উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমে নতুন অনেক কিছুই যোগ করা হয়েছিল। তারপরও অপারেটিং সিস্টেমটি নিয়ে প্রত্যাশিত সাফল্য পায়নি নির্মাতা ও সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। এখন শোনা যাচ্ছে নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৯ তৈরি করছে মাইক্রোসফট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2014, 04:38 PM

Updated : 01 Sep 2026, 12:16 PM

এক প্রতিবেদনে সংবাদ সংস্থা সিএনএন জানিয়েছে, উইন্ডোজ ৯-এ তারা পাঁচটি জিনিসের উপস্থিতি আশা করছেন। প্রত্যাশিত সে পাঁচটি জিনিস হচ্ছে-

লেআউটে আরও নমনীয়তা

উইন্ডোজ ৮ এর স্ন্যাপ উইজেটকে আরও ক্ষুদ্রাকৃতির টাইলসে বিভক্ত করে সমতলভাবে বা লম্বালম্বিভাবে সাজানোর ব্যবস্থা করে দিলে ব্যবহারকারিদের বিভিন্ন অ্যাপকে ফুল স্ক্রিনে মোডে আনতে এবং পূর্ব অবস্থায় ফিরে যেতে সুবিধা হবে।

শুধু ডেস্কটপ মোড

উইন্ডোজ ৮ এর টাইল ডিসপ্লে ল্যাপটপের জন্য পর্যাপ্ত হলেও সৃজনশীল কাজের জন্য তা সন্তোষজনক নয়, বিশেষত ডেস্কটপের ক্ষেত্রে। অনেক অ্যাপ রয়েছে যা শুধু ডেস্কটপ মোডে চলে। এজন্য সিএনএন প্রতিবেদনে জানিয়েছে, উইন্ডোজ ৯ এ ডেস্কটপ মোড রাখলে ব্যবহারকারীদের অনেকেই সহজে আধুনিক অ্যাপ চালাতে পারবেন।

পরিবর্তিত ট্র্যাকপ্যাড

উইন্ডোজ ৮ এর ট্র্যাকপ্যাডের অনেকগুলো সোয়াইপ করতে হয়, আবার অনেক গুলোতে ক্লিক করতে হয়। সবমিলিয়ে বিষয়টি বেশ বিরক্তিকর এবং ঝামেলাপূর্ণ। এ কারণে উইন্ডোজ-৯ এর ট্র্যাকপ্যাডে পরিবর্তন আনাটা বেশ গুরুত্বপূর্ণ।

আরও উন্নত ডিসপ্লে পরিচালনার সুযোগ

উইন্ডোজ ৮-এর অন্যতম একটি সমস্যা হচ্ছে এর ডিসপ্লে সেটিংস। যখন পিসিকে বড় এবং বেশি পিক্সেল রেজুলেশনে সংযুক্ত করা হয় তখন দেখা যায় টাইল মোডে সেটিংসটি ভালো দেখালেও ডেস্কটপ মোডে তা মোটেও ভালো দেখাচ্ছে না। আর দ্বিতীয় কোনো ডিসপ্লে বিষয়টিকে আরও জটিল করে তোলে। এজন্য সিএনএন তাদের প্রতিবেদনে পরামর্শ দিয়েছে, নতুন অপারেটিং সিস্টেমে ডিসপ্লে সেটিংস এমনভাবে দিতে যাতে ব্যবহারকারীরা সেটি যে কোনো ডিভাইসে বা মোডে চালিয়ে তৃপ্তি পান।

উইন্ডোজ ফোন ও এক্সবক্সের সঙ্গে সিনক্রোনাইজেশন

উইন্ডোজ ফোন ৮-এর ওএস, এক্সবক্স ওয়ানের সফটওয়্যার এবং উইন্ডোজ ৮ একই ভিতের উপরে ভিত্তি করে তৈরি করা। কিন্ত তাই বলে ব্যবহারকারীরা কম্পিউটারে শুরু করা স্কাইপ কথপোকথন উইন্ডোজ ফোনে স্থানান্তর করতে পারেন না আবার এক্সবক্সের মাল্টিপ্লেয়ার গেইমে কোনো ব্যক্তি কম্পিউটার থেকে অংশগ্রহণ করতে পারে না। আর তাই সিএনএন প্রতিবেদনে প্রত্যাশা জানিয়েছে, উইন্ডোজের নতুন সংস্করণে এ সমস্যাগুলোর যাতে সমাধান করা হয়।