২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিজিটাল ওয়ালেটের ১০ বিষয়

একুশ শতকের প্রযুক্তি এতোটাই এগিয়ে গেছে যে পশ্চিমে এখন অনেক ক্ষেত্রেই পকেটের মানিব্যাগটির কথা না ভাবলেও চলে। কারণ সেখানে স্মার্টফোনের ডিজিটাল ওয়ালেটে রয়েছে পর্যাপ্ত অর্থ। কিন্তু ডিজিটাল ওয়ালেট সম্পর্কে এখনও অনেক কিছুই আমাদের অজানা। এক প্রতিবেদনে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান ডিজিটাল ওয়ালেট বিষয়ে ১০টি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে। আসুন জেনে নেই ওই ১০টি তথ্য কী--

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2014, 04:03 PM

Updated : 01 Sep 2026, 06:03 PM

১. একটি ছোট গ্রুপ অনলাইন ডিজিটাল লেনদেন বিষয়ে বেশ অনেকটাই এগিয়ে আছে। এ গ্রুপটির মধ্যে যে তিনটি প্রতিষ্ঠান রয়েছে, তারা হচ্ছে ওয়েব জায়ান্ট গুগল, অ্যামাজন এবং পেপাল। তাদের প্রথম চাওয়া ডিজিটাল বিশ্বের আওতা বাড়ানো। এ প্রসঙ্গে গুগলের উদাহরণ দেওয়া যেতে পারে। গুগলের ওয়ালেট সেবা ব্যবহারকারীদের স্মার্টফোনে অর্থ সংরক্ষণ করতে দেয় এবং ব্যবহারকারী অনলাইনে তা খরচ করতে পারেন। আর নিয়ার ফিল্ড কমিউনিকেশন প্রযুক্তির সাহায্যে এটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনকে একটি কন্টাক্টলেস কার্ডে পরিণত করেছে। যেসব দোকানে এ পদ্ধতিটি চালু আছে, সেখানে ব্যবহারকারী চাইলেই পণ্য কিনে স্মার্টফোনের মাধ্যমে অর্থ পরিশোধ করতে পারবেন।

২. কিন্তু যেসব দোকান স্মার্টফোনের মাধ্যমে অর্থ গ্রহণ করে না সেক্ষেত্রে ব্যবহারকারী কী করবেন? এক্ষেত্রেও গুগল চালু করেছে এক অভিনব পদ্ধতি। গুগল এমন একটি কার্ড প্রচলন করেছে যার মাধ্যমেও ব্যবহারকারী গুগল ওয়ালেটের অর্থ খরচ করতে পারবেন। মাস্টারকার্ডের মাধ্যমে লেনদেন করা সম্ভব এমন যে কোনো জায়গায় কার্ডটি ব্যবহার করা যাবে।

৩. কয়েন কার্ডের লক্ষ্য হচ্ছে যুক্তরাষ্ট্রে গ্রীষ্মকালের মধ্যে ১০০ ডলারের কয়েন কার্ড ছাড়ার। একটি কার্ড যাতে অন্যান্য সব কার্ডের সুবিধা থাকবে। এটি ক্রেডিট এবং ডেবিট কার্ডের পেছনের ম্যাগনেটিক স্ট্রিপটি স্ক্যান করে নেবে, এরপর কয়েন কার্ডটি পেছনে ইলেকট্রনিক পদ্ধতিতে অনুরূপ স্ট্রিপ তৈরি হবে। এতে করে ব্যবহারকারী একটি বাটন ক্লিক করার মাধ্যমেই কয়েন কার্ড দিয়ে ডেবিট বা ক্রেডিট যে কোনো কার্ডের অর্থ খরচ করতে পারবেন।

৪. মাইক্রোব্লগিং সাইট টু্ইটারের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসির নতুন প্রতিষ্ঠান স্কয়ার নতুন ক্ষুদ্র ব্যবসাকে দাঁড়াতে সাহায্য করে এবং সে সঙ্গে তাদের একটি আনুষাঙ্গিক ডিভাইস দেয় যা মোবাইলের হেডফোন জ্যাকে সংযুক্ত করে ব্যবসায়ীরা কার্ড সোয়াইপ করতে এবং অর্থ গ্রহণ করতে পারে। কিন্তু ডরসির মূল লক্ষ্য হচ্ছে সব কার্ড সরিয়ে দেওয়া। যেসব ব্যবসায়ী স্কয়ারের এ কার্ড পদ্ধতিতে অর্থ নিচ্ছেন তারা ক্রেতার ফোন থেকে সরাসরি স্কয়ার অ্যাপের মাধ্যমেও অর্থ নিতে পারবেন।

৫. গুগলের ওয়ালেট কার্ড, কয়েন কিংবা স্কয়ার শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই ব্যবহারযোগ্য। এছাড়াও যুক্তরাজ্যে এখন চিপ অ্যান্ড পিন প্রক্রিয়া শুরু হয়েছে যা যথেষ্টই নিরাপদ। আর তাই যুক্তরাষ্ট্রের বাইরে কয়েন কার্ডের মতো কার্ড চিপ অ্যান্ড পিন প্রযুক্তির সঙ্গে টেক্কা দিয়ে টিকে থাকতে পারবে কি না সে বিষয়ে সন্দেহ আছে।

৬. সুইডেনের রাজধানী স্টকহোমের কিছু প্রতিষ্ঠান চিপ অ্যান্ড পিন প্রযুক্তিতে লেনদেন করে থাকে। যেমন নগরটির আইজেটল দোকানগুলোকে আইফোন বা আইপ্যাডের মাধ্যমে ক্রেডিট কার্ড লেনদেন করতে দেয়। কিন্তু জটিল প্রযুক্তি হওয়ায় এতে খরচও হয় প্রচুর। যেখানে যুক্তরাষ্ট্রে পেপাল এবং স্কয়ারের স্ট্রাইপ রিডার ফ্রি, সেখানে সুইডেনের আইজেটলের চিপ অ্যান্ড পিন রিডার বাবদ খরচ হয়ে যায় প্রায় একশ’ পাউন্ড।

৭. মোবাইল ফোনের কন্টাক্টলেস লেনদেন পদ্ধতি যুক্তরাজ্যে ২০১১ সাল থেকে প্রচলিত থাকলেও বিষয়টি ঠিক জনপ্রিয়তা পায়নি। আর তাই কন্টাক্টলেস লেনদেন করা যায় এমন ফোন যুক্তরাজ্যে খুঁজে পাওয়াটাই বেশ দুস্কর। আর তাই যেসব ডিজিটাল ওয়ালেট যুক্তরাজ্যে প্রচলিত আছে তা সরাসরি ব্যাংকের সঙ্গে সংযুক্ত।

৮. পশ্চিমে বেশিরভাগ প্রযুক্তি প্রতিষ্ঠানেরই নিজস্ব, হস্তান্তরযোগ্য নয় এমন ডিজিটাল ওয়ালেট অ্যাপ রয়েছে। তবে ২০১৪ সালে এ রকম টুকরো টুকরো ডিজিটাল ওয়ালেট অ্যাপের কিছুটা অংশের হলেও ইতি ঘটতে যাচ্ছে কারণ ভোডাফোন, ইই এবং ও২ সম্মিলিতভাবে ‘উইভ’ নামের একটি মোবাইল ওয়ালেট সেবা প্রতিষ্ঠা করেছে।তবে ক্রেডিট কার্ডের মতো ডিজিটাল ওয়ালেট ব্যবহার করার বিষয়টি প্রচলিত হতে এখনও বেশ অনেকটা পথ বাকি।

৯. বিটকয়েন ভার্চুয়াল কারেন্সি হলেও তা আসল অর্থ দিয়ে কেনা যায়, এর আর্থিক মূল্যমান রয়েছে এবং এটি হস্তান্তরযোগ্য ও জনপ্রিয়। অর্থ দিয়ে বিটকয়েন না কিনে কম্পিউটারে জটিল অংকের সমাধানের মাধ্যমেও বিটকয়েন আয় করা সম্ভব। অনেক জায়গায় আবার অর্থের পরিবর্তে বিটকয়েন গ্রহণও করা হয়। আর তাই দৈনিক গার্ডিয়ান প্রতিবেদনে মন্তব্য করেছে, বিটকয়েনের এই ডিজিটাল আচরণ এটিকে অনেকটা আন্তর্জাতিক মুদ্রার মর্যাদায় পৌঁছে দিয়েছে।

১০. অনেক টেকবোদ্ধাই সন্দেহ করছেন অ্যাপলেরও এ সংক্রান্ত কোনো পরিকল্পনা রয়েছে। তারা একের পর এক নতুন ভিন্ন প্রযুক্তির সঙ্গে বিশ্বকে পরিচিত করিয়ে দিচ্ছে। টাচ আইডি, ফিঙ্গার প্রিন্ট থেকে শুরু করে, আইবিকন ইত্যাদি। যদি টেক জায়ান্টের এরকম কোনো পরিকল্পনা থেকে থাকে তবে তা নিঃসন্দেহে দুর্দান্ত এক প্রতিযোগিতা সৃষ্টি করবে।