ক্লাউডে আইবিএম-এর শত কোটি ডলার
অনলাইনে তথ্য সংরক্ষণের আওতা বাড়াতে বিশ্বব্যাপী ১৩টিরও বেশি ডেটা সেন্টার চালুর কথা জানিয়েছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস বা আইবিএম। অনলাইন রিটেইল শপ অ্যামাজন ক্লাউড কম্পিউটিংয়ে বিনিয়োগের কথা জানানোর পরপরই এ ঘোষণা দিল আইবিএম।
এক প্রতিবেদনে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ জানিয়েছে, আইবিএম অনলাইনে তথ্য সংরক্ষণের জন্য ডেটা সেন্টার নেটওয়ার্ক বর্ধিত করবে। এ জন্য তারা ক্লাউড কম্পিউটিংয়ে ১২০ কোটি ডলার বিনিয়োগ করার ঘোষণা দিয়েছে। দ্রুত বর্ধনশীল অ্যামাজনের ক্লাউড কম্পিউটিংয়ের সঙ্গে প্রতিযোগিতায় নিজেদের নতুন করে জানান দিতে এ পদক্ষেপ নিয়েছে আইবিএম।
শুরুর দিকে আইবিএম ওয়াশিংটন ডিসি, হংকং, লন্ডন, টরন্টো, জাপান, ভারত, চায়না, কানাডা, মেক্সিকো এবং ডালাসে নতুন ডেটা সেন্টার চালু করবে।
এছাড়া বিশ্বের প্রধান চারটি ভৌগলিক অবস্থানে প্রতিষ্ঠানটির আলাদাভাবে ডেটা সেন্টার স্থাপন করার কথা রয়েছে। এগুলো হবে যথাক্রমে ইউরোপ, লাতিন আমেরিকা, এশিয়া ও আমেরিকায়। তবে, ২০১৫ সালের মধ্যে মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় ক্লাউডভিত্তিক সেবা সম্প্রসারণ করা হবে।
এক বিবৃতিতে আইবিএম জানায়, বিশ্বজুড়ে ক্লাউড কম্পিউটিংয়ের ব্যবহার দ্রুত বাড়ছে। এ ক্ষেত্রে আইবিএম বিশ্বজুড়ে সেবার পরিধি বাড়াতে আগ্রহী।
২০২০ সাল নাগাদ ক্লাউড বাণিজ্য ২০ হাজার কোটি ডলারে পৌঁছাতে পারে বলে ধারণা করছেন প্রযুক্তিবিশ্লেষকরা।
