২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার অ্যাডোবিতে থ্রিডি প্রিন্টিং টুল

এখন অ্যাডোবি ফটোশপেই ডিজাইন, এডিট আর কাস্টোমাইজ করা যাবে থ্রিডি মডেল। সম্প্রতি অ্যাডোবি ফটোশপে থ্রিডি প্রিন্টিং টুল যোগ করেছে বহুল ব্যবহৃত সফটওয়্যারটির নির্মাতা অ্যাডোবি ইনকর্পোরেটেড। ফলে এখন ঘরে বসেই ফটোশপে টুডি ছবির মতোই এডিটিংয়ের কাজ করা থ্রিডি মডেল নিয়ে।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2014, 03:45 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, এক সংবাদ সম্মেলনে ফটোশপে থ্রিডি প্রিন্টিং টুল যোগ হবার ঘোষণা দেন অ্যাডোবির ফটোশপ প্রোডাক্ট ম্যানেজার অ্যান্ডি লয়টা। অনলাইনের বিভিন্ন সূত্র থেকে থ্রিডি মডেল সংগ্রহ করার পর ফটোশপ ব্যবহার করেই পরিবর্তন আনা যাবে এর রং এবং আকার-আকৃতিতে। এমনকি পরিবর্তন আনা যাবে এর প্রিন্টিং অ্যাঙ্গেলেও।

থ্রিডি মডেল এডিট করার পাশাপাশি মডেলের ছোটখাট খুঁতগুলোও শুধরে দেবে অ্যাডোবি ফটোশপ। এছাড়াও প্রিন্টিং ‘ম্যাটিরিয়াল’-ও বলে দেওয়া যাবে এতে।

এ ব্যাপারে লয়টা সংবাদ সম্মেলনে বলেন, “থ্রিডি প্রিন্টিংয়ের পুরো প্রক্রিয়ার সবচেয়ে কঠিন কাজটাই সহজ করে দেবে ফটোশপ। স্ক্রিনের ডিজাইনটিই প্রিন্ট হয়ে হাতে আসবে আপনার।”

অ্যাডোবি ফটোশপের ১৪.১ ভার্সনে ব্যবহার করা থ্রিডি প্রিন্টিং টুলটি। অ্যাডোবির ক্রিয়েটিভ ক্লাউডের সদস্যরা, ক্রিয়েটিভ ক্লাউড অ্যাপ ব্যবহারকারী এবং সিএস৩-এর ক্রেতারা থ্রিডি প্রিন্টিং টুলটি ব্যবহার করতে পারবেন বিনামূল্যে।