টাকা ফেরত দেবে অ্যাপল
টেক জায়ান্ট অ্যাপলের অ্যাপ স্টোরে শিশুদের জন্য রয়েছে অনেক গেইম অ্যাপ্লিকেশন যেগুলোতে রয়েছে বিভিন্ন ভার্চুয়াল জিনিসপত্র কেনার সুযোগ যা ইন-অ্যাপ পারচেস হিসেবে পরিচিত। আর অনেক শিশুই অভিভাবকের সম্মতি ছাড়াই এ ধরনের ইন-অ্যাপ পণ্য কিনেছে। অ্যাপল সেসব ভুক্তভোগী গ্রাহকদের অর্থ ফেরত দেবে বলে জানা গেছে।
উল্লিখিত বিষয়টি নিয়ে অ্যাপলের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশনের (এফটিসি) সঙ্গে সমঝোতায় এসেছে মাকির্ন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।
তবে এ জন্য অ্যাপলকে গুণতে হবে মোট সোয়া তিন কোটি ডলার। আর, অর্থ ফেরতের সঙ্গে সঙ্গে অ্যাপলের বিলিং প্রক্রিয়াতেও পরিবর্তন আনতে হবে যাতে নিশ্চিত হওয়া যায় এ ধরনের ইন-অ্যাপ ক্রয়ের জন্য গ্রাহকের সম্মতি রয়েছে।
এফটিসির অভিযোগ ছিল, অ্যাপল অভিভাবকদের জানাতে ব্যর্থ হয়েছে যে শুধু পাসওয়ার্ড দেওয়ার মাধ্যমেই তারা একটি ইন-অ্যাপ ক্রয় এবং আরও ১৫ মিনিটের আনলিমিটেড ক্রয়ের ক্ষেত্রে সম্মতি দিচ্ছেন। এফটিসি উল্লেখ করেছে, অ্যাপল শিশুদের এ ধরনের ইন-অ্যাপ ক্রয়ের বিষয়ে অভিভাবকদের কাছ থেকে প্রায় হাজার দশেক অভিযোগ পেয়েছে।
এ প্রসঙ্গে অ্যাপল জানিয়েছে, তারা এ বিষয়ে দীর্ঘ আইনি জটিলতার চেয়ে সমঝোতার পথ বেছে নিয়েছে। অন্যদিকে এফটিসি চেয়ারওম্যান এডিথ রামিরেজ এক বিবৃতিতে জানিয়েছেন, অ্যাপলের ‘অন্যায্য’ বিলিংয়ের কারণে যেসব ভোক্তা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন,, তাদের জন্য এ সমঝোতাটি একটি বিজয়।
অ্যাপলের যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোরের মাধ্যমে যেসব গ্রাহক এ ঝামেলায় পড়েছেন শুধু তাদেরকেই ৩১ মার্চের মধ্যে অর্থ ফেরত দেওয়ার বিষয়ে সমঝোতা হয়েছে। কিন্তু বিবিসির এক প্রতিবেদক জানিয়েছেন, অ্যাপল আগে থেকেই যুক্তরাজ্যে যেসব অভিভাবক এ ধরনের অভিযোগ করেছেন তাদের অর্থ ফেরত দিয়েছে।
এ প্রসঙ্গে ৯টু৫ ম্যাক সাইটে অ্যাপলের কর্মচারীদের প্রতি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টিম কুক জানিয়েছেন, এফটিসির প্রস্তাব ও অ্যাপলের নিজস্ব উদ্দেশ্য একই ধারার ছিল। তিনি আরও জানিয়েছেন, অ্যাপল গত বছর থেকেই অর্থ ফেরতের কাজটি শুরু করেছে। এ প্রেক্ষিতে শিশুদের জন্য ডিজাইন করা যেসব গেইমে ইন-অ্যাপ ক্রয় করা হয়েছিল তা অভিভাবকদের জানাতে মোট দুই কোটি আশি লাখ ইমেইল পাঠিয়েছেন তারা। ইমেইল যাদের করা যায়নি তাদের পোস্ট কার্ডের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। সব মিলিয়ে তারা মোট ৩৭ হাজার অভিযোগ পেয়েছেন এবং সবাইকেই প্রতিশ্রুতি অনুযায়ী অর্থ ফেরত দেওয়া হবে।
