মামলা করলেন কনিয়ে ওয়েস্ট
কিছুদিন আগে পপ র্যা পার কনিয়ে ওয়েস্টের নামে অনলাইন কারেন্সি ‘কয়েনি ওয়েস্ট’ অবমুক্ত করার ঘোষণা দিয়েছিল একটি প্রতিষ্ঠান। তাতে বলা হয়, কয়েনি ওয়েস্ট ব্যবহার করে কনসার্টের টিকেট কেনা যাবে।
সমস্যা হল, যার নামে এ ভার্চুয়াল মুদ্রা অবমুক্ত করার এত প্রচারণা, তার কোনো অনুমতি নেওয়া হয়নি।
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, কনিয়ে ওয়েস্ট তার নামে অনলাইন কারেন্সি তৈরি বন্ধের জন্য আদালতে আবেদন করেছেন। অভিযোগ দাখিলের পর অনলাইন কারেন্সি কয়েনি ওয়েস্টের টুইটার পেইজে এক বার্তা পোস্ট করেছে, যাতে প্রকাশ পায়, প্রকল্প থেকে পিছিয়ে গিয়েছে কয়েন উদ্যোক্তারা।
অভিযোগপত্রে কনিয়ে জানান, কয়েনি ওয়েস্টে তার নাম ও প্রতিকৃতি ব্যবহার করা হয়েছে। এছাড়া তার নাম ও জনপ্রিয়তা ব্যবহার করে তৃতীয় কোনো পক্ষ এ কাজটি করছে। অনুমতি ছাড়া এ ধরনের কাজ করাকে লজ্জাজনক বলেও তিনি জানান।
এদিকে কনিয়ের অভিযোগের প্রেক্ষিতে আদালত জানিয়েছে, এ ঘটনার বিরুদ্ধে ততক্ষণ ব্যবস্থা নেওয়া যাবে না, যতক্ষণ তা দেখতে ডলারের মতো বা তাতে কনিয়ের ছবি বা কার্টুন ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।
