২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরিচয় গোপন করে রিভিউ নয়

অনলাইন রিভিউ সাইট ইয়েলপের যেসব ব্যবহারকারী একটি প্রতিষ্ঠান সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেছেন তাদের পরিচয় প্রকাশ করার আদেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার এক আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2014, 04:44 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, কার্পেট পরিষ্কার সেবাদাতা প্রতিষ্ঠানের মালিক আদালতে অভিযোগ করেছেন ইয়েলপে তার প্রতিষ্ঠান সম্পর্কে বাজে রিভিউ লেখা হয়েছে। অথচ রিভিউ লেখক তার প্রতিষ্ঠানের গ্রাহকই নন।

ভার্জিনিয়াভিত্তিক কার্পেট-পরিষ্কারক প্রতিষ্ঠান হ্যাডিড কার্পেট ক্লিনিং-এর মালিক জো হ্যাডিড আদালতে জানিয়েছেন, রিভিউ সাইট ইয়েলপের সাতজন ব্যবহারকারী অজ্ঞাত নামে তার ব্যবসায় সম্পর্কে নেতিবাচক প্রতিক্রিয়া পোস্ট করেছেন। এ বিষয়ে হ্যাডিডের আইনজীবীরা আদালতের মাধ্যমে ইয়েলপের কাছে সেসব অজ্ঞাতনামা পোস্টকারীদের নাম প্রকাশের দাবি জানান।

এ প্রসঙ্গে ভার্জিনিয়ার আদালত রায়ে জানিয়েছে, হ্যাডিড ‘যথেষ্ট কারণ’ দেখাতে সক্ষম হয়েছেন যে মন্তব্যকারীরা তার গ্রাহক নাও হতে পারেন। সে জন্য ইয়েলপকে সেসব গ্রাহকদের চিহ্নিত করতে হবে এবং অজ্ঞাতনামা ব্যক্তিরা যুক্তরাষ্ট্রের মুক্তমত প্রকাশের আইন দ্বারা সুরক্ষিত নন।এক বিবৃতিতে বিচারক জানিয়েছেন, গ্রাহকদের অজ্ঞাতনামে মতপ্রকাশের অধিকার আছে। কিন্তু রিভিউ লেখকেরা যদি আসলেও প্রতিষ্ঠানটির গ্রাহক না হয়ে থাকে তাহলে রিভিউটি মতামত নয়। বরং মিথ্যা বিবরণের উপর ভিত্তি করে লেখা বিবরণ। এ পরিস্থিতিতে রিভিউ লেখকদের অজ্ঞাতনামা রাখা যাবে না।

রায় প্রসঙ্গে ইয়েলপের আইনজীবীরা জানিয়েছে, তারা এ রায়ে নিরাশ হয়েছেন। ইয়েলপের মুখপাত্র ভিন্স সলিট্টো এ প্রসঙ্গে এক বিবৃতিতে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের অন্যান্য অঙ্গরাজ্যে অনলাইন বার্তা লেখকদের রক্ষার্থে কঠিন সুরক্ষা দেওয়া হয়। ইয়েলপ ভার্জিনিয়া অঙ্গরাজ্যকেও অনুরূপ বিষয়টি করার আহবান জানিয়েছিল।

২০০৪ সালে প্রতিষ্ঠিত অনলাইন রিভিউ সাইট ইয়েলপে এখন পর্যন্ত চার কোটি ৭০ লক্ষ রিভিউ লেখা হয়েছে-- জানিয়েছে বিবিসি।