২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাইক্রোসফটের টুইটার অ্যাকাউন্ট হ্যাকড

সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের আপডেট খবর ও প্রেসরিলিজ প্রকাশের টুইটার অ্যাকাউন্ট (@MSFTnews) হ্যাক করেছে সিরিয়ান ইলেক্ট্রনিক আর্মি (এসইএ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2014, 04:41 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

এক প্রতিবেদনে প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, হ্যাক করার পর সিরিয়ান ইলেক্ট্রনিক আর্মি অ্যাকাউন্ট ওয়ালে লিখেছে, “মাইক্রোসফট ই-মেইল সেবা হটমেইল ও আউটলুক ব্যবহারকারীদের তথ্য নজরদারি করছে। ওইসব তথ্য বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা ও সরকারের কাছে বিক্রি করছে।”

সিরিয়ান ইলেক্ট্রনিক আর্মি ম্যাশএবলকে এক ইমেইল বার্তায় জানিয়েছে, মাইক্রোসফটের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। তবে তারা গ্রাহকদের গোপনীয় তথ্য আমেরিকান ইন্টেলিজেন্স ও অন্যান্য সরকারের কাছে বিক্রি করছে। এ জন্য এসব ইমেইল ব্যবহারকারীদের সতর্ক করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে মাইক্রোসফটের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়েছে, হ্যাকারদের আক্রমণ থেকে তথ্য চুরি ঠেকাতে তারা পদক্ষেপ নিয়েছে। অবশ্য, টুইটারে মাইক্রোসফটের সংবাদভিত্তিক অ্যাকাউন্ট হ্যাক হলে তখন কোনো মন্তব্য করেনি মাইক্রোসফট। তবে, হ্যাক হওয়ার পর সংবাদবিষয়ক টুইটার অ্যাকাউন্ট সচল করা হয়েছে।