অ্যাকাউন্ট না খুলতেই গ্রাহকতথ্য ব্যবসা
গ্রাহকতথ্য নিয়ে প্রতিষ্ঠানগুলোর ব্যবসা কতটা প্রকাট আকার ধারণ করেছে সেই তথ্য পাওয়া গেল একজন গ্রাহক তার ফর্ম পুরোপুরি পূরণ না করার ফলে। জানা গেছে, যুক্তরাষ্ট্রে ব্যাংক অ্যাকাউন্ট খোলার অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার আগেই ব্যাংক গ্রাহকের সব ডেটার প্রোফাইল তৈরি করে ফেলে এবং তৃতীয় পক্ষের কাছে তা হস্তান্তর করে দেয়।
এক প্রতিবেদনে মার্কিন সাময়িকী ফোর্বস জানিয়েছে, আবেদনপত্র লেখার সময়ই ওয়বসাইটটি কোডের মাধ্যমে ব্যাংকের কাছে তথ্য পাঠায় এবং ব্যাংক তা রেকর্ড করে প্রোফাইল তৈরি করে।
এ বিষয়ে একজন ভুক্তভোগী জানিয়েছেন, তার সোশাল সিকিউরিটি নাম্বার, নাম, ঠিকানা, ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস যা যা তিনি আবেদনপত্রে লিখেছিলেন তার সবই বাণিজ্যিক উদ্দেশ্যে তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর করেছে ব্যাংক। তিনি আরও জানিয়েছেন, ব্যাংকের আবেদনপত্রে যুক্তরাষ্ট্রের ড্রাইভিং লাইসেন্স লাগে, তার সেটি না থাকায় তিনি আবেদনপত্রটি অর্ধেক পূরণ করে সেভ বা সাবমিট করা ছাড়াই রেখে দিয়েছিলেন।
এর কয়েকদিনের মধ্যেই তিনি একটি মার্কেটিং প্রতিষ্ঠানের কাছ থেকে ফোন পান, ফোনে ভুক্তভোগীকে ব্যাংক কর্মকর্তাটির নাম জানিয়ে বলা হয় তার পক্ষ থেকে একটি জরিপের বিষয়ে তাকে তারা কিছু প্রশ্ন করতে চান। এ বিষয়ে ভুক্তভোগী খোঁজ নিতে গিয়ে জানতে পারেন, আবেদনপত্র সেভ বা সাবমিট না করা সত্ত্বেও ব্যাংকে ইতোমধ্যেই তার একটি প্রোফাইল রয়েছে। সেটি থেকে তার ব্যক্তিগত ডেটা, তৃতীয় পক্ষের কাছে হস্তান্তরও করা হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী বিস্তারিত জানতে চাওয়ার পর তাকে একটি ইমেইলের মাধ্যমে জানানো হয় ব্যাংকের প্রাইভেসি নোটিসে বিষয়টি উল্লেখ করা আছে।
