২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রহস্যময় ধাঁধা ‘সিকাডা ৩৩০১’

রহস্যময় অনলাইন ধাঁধা ‘সিকাডা ৩৩০১’ নিয়ে মাথা ঘামাচ্ছেন অনেক ধাঁধাপ্রেমী। এর রহস্যময়তার মূল কারণটি হচ্ছে কোনো ব্যক্তিই জানেন, না কারা এটি তৈরি করেছে বা এর সমাধান করতে পারলে কী পুরস্কার রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2014, 04:54 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

এক প্রতিবেদনে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, এ রহস্যময় ধাঁধার আগের স্তর থেকে পরবর্তী স্তর বেশ কঠিন হয়। একটি পর্যায়ে এটি কঠিন থেকে কঠিনতর হতে থাকে।

সিকাডার প্রথম আবির্ভাব ঘটে ২০১২ সালের জানুয়ারি মাসের চার তারিখে। সে সময় ছবিভিত্তিক অনলাইন বুলেটিন বোর্ড ফোরচ্যানে ছবিসহ একটি মেসেজবোর্ড দেখা যায়। সে মেসেজটিতে লেখা ছিল-- “হ্যালো, আমরা অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি খুঁজছি। তাদের খোঁজার জন্য আমরা একটি পরীক্ষার ব্যবস্থা করেছি। উপরের ছবিটিতে মেসেজ লুকানো আছে। সেটি বের করতে পারলে তা আমাদের খুঁজে বের করতে সাহায্য করবে। আমরা সেসব স্বল্প সংখ্যক ব্যক্তিকে দেখার অপেক্ষায় আছি যারা এটি সম্পূর্ণ করতে পারবে। আপনার ভাগ্য শুভ হোক।” মেসেজটির নিচে লেখা ছিল শুধু একটি কোড নাম্বার ‘সিকাডা ৩৩০১’।

সে সময় ধাঁধাপ্রেমীরা অনেক ধাপ পার করার পর একটি ধাপে এসে দেখতে পান পাঁচটি ভিন্ন রাষ্ট্রের জিপিএস কো-অর্ডিনেট দেওয়া হয়েছে। পারস্পারিক সহযোগিতার মাধ্যমে এ ধাপটিও পার করে তারা আসেন শেষ ধাঁধায়। সে ধাঁধাটির সমাধানের পর একটি ওয়েব লিংক দেওয়া হয় এবং যারা সেখানে যান তাদেরকে বিস্মিত করে দিয়ে লেখা ভেসে উঠে-- “আমরা পশ্চাদ অনুসারী নয়, সবচেয়ে ভালোদের চাচ্ছি।”

এভাবেই শেষ হয় সে বছরের সিকাডা।

পরবর্তীতে ২০১৩ সালের পাঁচ জানুয়ারি আবারও একই বার্তা নিয়ে ফোরচ্যানে আসে সিকাডা। এবারও প্রতিযোগিরা নানা ধাপ পার করে। প্রতিটি ধাপ ক্রমশ কঠিন হতে থাকে। এক পর্যায়ে গিয়ে কোনো সূত্র ছাড়া কবিতার ছলে ধাঁধা দেওয়া হয় প্রতিযোগিদের, যা বের করা প্রায় অসম্ভব। অনেকটা এভাবেই শেষ হয় সে বছরের সিকাডাও।

রহস্যময় সিকাডার সমাধান করতে পেরেছেন বা এর শেষে পৌঁছাতে পেরেছেন এমন কোনো ব্যক্তিকে এখনও খুঁজে পাওয়া যায়নি, এমনটাই প্রতিবেদনে জানিয়েছে গার্ডিয়ান।