পিঁপড়াদল রওনা হলো স্পেস স্টেশনে!
একটি বাণিজ্যিক নভোযানে চড়ে এক ঝাঁক পিঁপড়া রওনা হয়েছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের (আইএসএস) উদ্দেশ্যে! পিপড়া ছাড়াও নভোযানটি একটি কার্গোতে আইএসএস-এর জন্য রসদ নিয়ে যাচ্ছে।
তবে দুই হাজার ৭৮০ পাউন্ড ওজনের কার্গোটি গত ৯ জানুয়ারি রওনা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এবিসি নিউজ। বাণিজ্যিক ওই নভোযানটি নাসার ভার্জিনিয়ার ওয়ালপ্স ফ্লাইট ফ্যাসিলিটি থেকে উৎক্ষেপন করা হয়েছে।
নাসার দেয়া তথ্য অনুযায়ী, স্পেস স্টেশনের ভরশুন্য পরিবেশে পিঁপড়ার ঝাঁকটির জীবিত অবস্থা রেকর্ড করা হবে। বিজ্ঞানী এবং শিক্ষার্থীরা পৃথিবী থেকে এ গবেষণাটি পর্যবেক্ষণ করবে। তারা আশা করছেন, এ পিঁপড়ার ঝাঁকটির মধ্যাকর্ষণ এবং প্রায় ভরশূণ্য অবস্থার আচরণ থেকে অনেক নতুন তথ্য বের হয়ে আসবে।
নাসা জানিয়েছে, পরীক্ষাটি থেকে এরকম ঝাঁকের বুদ্ধিমতা সম্পর্কে একটি ভালো ধারণা পাওয়া যাবে যা পরবর্তীতে অনেক জটিল গাণিতিক সমস্যার সমাধানে কাজে লাগতে পারে।
কার্গো বহনকারী বাণিজ্যিক মহাকাশযানটি ১২ জানুয়ারি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৌঁছাবে এমনটাই প্রতিবেদনে জানিয়েছে এবিসি।
