টার্গেট শিকারের সংখ্যা সাত কোটিতে
যুক্তরাষ্ট্রের রিটেইল জায়ান্ট টার্গেটের দেওয়া তথ্য অনুযায়ী, ডিসেম্বর মাসে সাইবার অপরাধীরা তাদের কাছ থেকে সাত কোটিরও বেশি ক্রেতার ব্যক্তিগত এবং লেনদেন সংক্রান্ত তথ্য হাতিয়ে নিয়েছে।
আগের হিসেব অনুসারে চার কেটি গ্রাহকের তথ্য বেহাত হয়েছিল বলে জানানো হলেও সংখ্যাটি এখন প্রায় দ্বিগুনে পৌঁছাল।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সাইবার অপরাধীরা ২০১৩ সালের ২৯ নভেম্বর টার্গেটের নিরাপত্তা ভেদের মাধ্যমে অনুপ্রবেশ করে।
টার্গেট জানিয়েছে, সাইবার অপরাধীরা ক্রেতাদের ক্রেডিট কার্ড নাম্বার, নাম, জিপ কোড, ফোন নাম্বার, ইমেইল ইত্যাদি ডেটা চুরি করেছে এবং এ চুরির শিকার হয়েছেন সাত কোটিরও বেশি ক্রেতা।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, কোনো প্রকার জালিয়াতি ক্ষতির কারণে ওসব ক্রেতাকে কোনোভাবেই দায়ী করা হবে না। তবে প্রতিষ্ঠানটির এ আশ্বাসের পরও অনেক ক্রেতাই টার্গেটের বিরুদ্ধে মামলা করেছে। মামলায় বলা হয়েছে, সময়মতো বিষয়টির টার্গেট জানায়নি তাদের এবং এ রকম আক্রমণ ঠেকাতে নিরাপত্তাজনিত যেসব নিয়মনীতি প্রতিষ্ঠানটির মেনে চলা উচিত ছিল তা তারা মেনে চলেনি।
এ প্রসঙ্গে টার্গেটের চেয়ারম্যান, প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা গ্রেগ স্টাইনহাফল জানিয়েছেন, তিনি জানেন তথ্য চুরি হয়েছে এমন বিষয়টি ক্রেতাদের জন্য জানতে পারাটা হতাশজনক এবং তারা সত্যিই দুঃখিত যে তাদের এ বিষয়টি সহ্য করতে হচ্ছে। টার্গেট ঘোষণা দিয়েছে, এক বছরের জন্য তারা তাদের যুক্তরাষ্ট্রের সব গ্রাহককে বিনামূল্যে ক্রেডিট মনিটরিং এবং পরিচিতি চুরি রক্ষার সুবিধা দেবে।
নিরাপত্তা গবেষক ব্রায়ান ক্রেবস এ প্রসঙ্গে ২০১৩ সালের ডিসেম্বরে জানিয়েছিলেন, ক্রেডিট কার্ড লেনদেন সম্পন্ন করে এমন প্রতিষ্ঠানগুলোর সূত্রদের তথ্য অনুযায়ী সাইবার অপরাধীরা আগেই টার্গেটের এক হাজার ৭৯৭টি দোকানের কার্ড-সোয়াইপ মেশিনে ডেটা চুরির কোড ইনস্টল করে রেখেছিল। এ ধরনের ডেটা সাধারণত আন্ডারগ্রাউন্ড মার্কেটের মাধ্যমে অপরাধীদের কাছে বিক্রি করা হয়।
