২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লাউডভিত্তিক গেইম আনছে সনি

ক্লাউডভিত্তিক গেইমিং সার্ভিসের ঘোষণা দিল প্লে স্টেশন গেইমিং কনসোল নির্মাতা সনি। এতে প্লেস্টেশন গেইমিং কনসোল ছাড়াও খেলা যাবে বিভিন্ন ধরনের গেইমস। যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে অনুষ্ঠিত সিইএস ২০১৪-তে এ ঘোষণা দিয়েছে সনির কম্পিউটার এন্টারটেইনমেন্ট চিফ অ্যান্ড্রু হাউজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2014, 05:00 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ভবিষ্যতে সানির প্লেস্টেশন গেইমিং কনসোল ছাড়াও ইন্টারনেট ব্যবহারের উপযোগী বিভিন্ন ডিভাইস ব্যবহার করে উপভোগ করা যাবে প্লেস্টেশনের সুযোগ-সুবিধা।

অনুষ্ঠানে সনি জানায়, ক্লাউড বেইজড সিস্টেমে সনির সার্ভারের সঙ্গে যুক্ত ইন্টারনেট ব্যবহারকারীরা গেইমিং কনসোল ছাড়াই বিভিন্ন ধরনের গেইম খেলতে পারবেন। এতে স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার ব্যবহার করে গেইম খেলা যাবে।

কোন ধরনের স্মার্টফোন বা ট্যাবলেট কম্পিউটারে ক্লাউড বেইজড গেইমিং সুবিধা পাওয়া যাবে সে তথ্য এখনও প্রকাশ করেনি সনি। তবে সনির ক্লাউড সাবসক্রাইবাররা আপডেট ভার্সনের গেইম খেলার সুবিধা পাবে বলে জানানো হয়েছে।

গতবছর ২৮ ডিসেম্বর পর্যন্ত ৪২ লাখ প্লেস্টেশন ফোর গেইমিং কনসোল বিক্রি হয়েছে বলে জানিয়েছে সনি।