বাঁকানো পর্দার টিভি দেখাল স্যামসাং
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের কনজুমার ইলেকট্রনিকস শো’তে (সিইএস) ইলেকট্রনিক জায়ান্ট স্যামসাং দেখিয়েছে ৮৫ ইঞ্চির বাঁকানো আকৃতির টিভির নমুনা। স্যামসাংয়ের নির্মিত এ বাঁকানো আকৃতির টিভিটির মূল বৈশিষ্ট্য হল, রিমোট কন্ট্রোলের সাহায্যে এর স্ক্রিনের ছবিকে নিয়ন্ত্রণ করা যাবে।
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, অপর কোরিয়ান ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা এলজি-ও ওএলইডি প্রযুক্তির ভিত্তিতে নির্মিত ৭৭ ইঞ্চির নমনীয় টিভি দেখাবে এমনটা ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে মঙ্গলবার তাদের এ টিভিটি তারা প্রদর্শন করবে।
টিভিনির্মাতা প্রতিষ্ঠানগুলোর মতে, বাঁকানো টিভির স্ক্রিন ছবি দেখার অভিজ্ঞতা বৃদ্ধি করে বা সোজা কথায় ছবিকে আরও দৃষ্টিনন্দন করে তুলে। এছাড়াও এ প্রযুক্তির মাধ্যমে টিভি সেটটির মালিক কতজন টিভি দেখছেন ও কতটুকু দূরে বসে টিভি দেখা হচ্ছে সে হিসেব অনুযায়ী স্ক্রিন বাঁকানোর বিষয়টি নির্ধারণ করতে পারবেন।
তবে সিইএস-এ আগত ইন্ডাস্ট্রি ওয়াচারদের কাছে বিষয়টি আকর্ষণীয় মনে হয়নি। তারা মনে করছেন এ ধরনের আবিষ্কার বাজারে তেমন একটা গ্রহণযোগ্য হবে না। এ প্রসঙ্গে সিসিএস ইনসাইটয়ের টিভি প্রযুক্তি পরামর্শক মার্টিন গার্নার জানিয়েছেন, প্রতিষ্ঠানগুলোর জন্য চ্যালেঞ্জ হচ্ছে মানুষের সামনে বিষয়টিকে এমনভাবে তুলে ধরা যাতে তারা বুঝতে পারে পণ্যটি আসলেই তাদের প্রয়োজন।
স্যামসাং কিংবা এলজি কোন প্রতিষ্ঠানই এখনও জানায়নি তাদের এ প্রযুক্তির টিভি কবে নাগাদ বাজারে আসতে পারে বা এর মূল্য কত হতে পারে।
