হাজার ডলারে বিটকয়েন
সামাজিক নেটওয়ার্কভিত্তিক গেইমিং প্রতিষ্ঠান জিংগা লেনদেনের একটি অপশন হিসেবে বিটকয়েনকে স্বীকৃতি দেওয়ার পর বিটকয়েনের আর্থিক মূল্যমান আবারও বেড়েছে। জিংগার ঘোষণার পর একটি বিটকয়েনের আর্থিক মূল্যমান এক হাজার ডলারেরও বেশি ধরা হচ্ছে।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি সাউথ চায়না মর্নিং পোস্টের বরাত দিয়ে জানিয়েছে, ভার্চুয়াল কারেন্সি বিটকয়েনের আর্থিক মূল্যমান ২০১৩ সালের নভেম্বরেও এক হাজার দুইশ’ ৫০ ডলার ছিল। কিন্ত চীন বিটকয়েনের উপর নিষেধাজ্ঞা আরোপের পর তা হ্রাস পায়।
হ্রাস পেয়ে বিটকয়েনের আর্থিক মূল্যমান এসে দাঁড়ায় ৪২১ ডলারে। কিন্ত জিংগার বদৌলতে বিটকয়েন আবারও তার আগের অবস্থান প্রায় ফিরে পেয়েছে। ভার্চুয়াল কারেন্সির প্রধান এক্সচেঞ্জগুলোর মধ্যে অন্যতম এমটিজিঅক্সের মাধ্যমে সোমবারে একটি বিটকয়েন এক হাজার ৩০ ডলারে ভাঙানো হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
অ্যান্ড্রয়েডভিত্তিক ভিডিও গেইমস কনসোল নির্মাতা ওউইয়াকে অনুসরণ করে থাকে জিংগা। ওউইয়া ২০১৩ সালের ডিসেম্বরেই তাদের হার্ডওয়্যারের মূল্য হিসেবে বিটকয়েনকে স্বীকৃতি দেয়। এ ছাড়াও দ্য হাম্বল বান্ডল নামের অপর একটি গেইমিং প্রতিষ্ঠানও ২০১৩ সাল থেকে মূল্য হিসেবে বিটকয়েন গ্রহণ শুরু করেছিল।
