২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার কনিয়ে ওয়েস্ট নামে ভার্চুয়াল মুদ্রা

কনিয়ে ওয়েস্ট জনপ্রিয় র্যাপার, সঙ্গীত লেখক। তার নামে এবার অ্যালবাম নয় বরং বিটকয়েনের মতো নতুন ভার্চুয়াল মুদ্রা চালুর ঘোষণা এসেছে। ওই কারেন্সি ব্যবহার করে কনসার্টের টিকেট কেনা যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2014, 03:35 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

এক খবরে বিবিসি জানিয়েছে, ১১ জানুয়ারি কনিয়ে ওয়েস্টের নামেই ওই ভার্চুয়াল মুদ্রা অবমুক্ত করা হবে। তবে, শিল্পী নিজে ওই মুদ্রার সঙ্গে সংশ্লিষ্ট নন এবং কারা এর উদ্যোগ নিয়েছে সেটিও জানা সম্ভব হয়নি।

অপর এক খবরে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ওই মুদ্রার উদ্যোক্তারা নিজেদের নাম গোপন রাখছেন সম্ভবত কপিরাইটবিষয়ক ‘ঝামেলা’ থেকে বাঁচার জন্য।

অনলাইনে ড্রাগ কেনাকাটায় ব্যবহৃত ভার্চুয়াল মুদ্রা বিটকয়েন নিয়ে গতবছর মিডিয়ায় ছিল ব্যাপক আলোচনা-সমালোচনা। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান বিটকয়েন বাণিজ্যে জড়িয়ে পড়ায় প্রতিটি বিট কয়েনের দাম পৌঁছায় হাজার ডলারে। এখন প্রতিটি বিটকয়েনের দাম প্রায় ৮৫০ ডলার।

প্রতিনিয়ত দাম উঠানামার মাঝেও ভার্চুয়াল মুদ্রার প্রতি মানুষের আকর্ষণ বাড়ছে। এরই মধ্যে যুক্ত হয়েছে বিট কয়েনের মতোই লাইটকয়েন, নেইমকয়েন এবং পিপিসিকয়েন। কিছুদিন আগে যাত্রা শুরু করে ডগিকয়েন নামে অপর নতুন ভার্চুয়াল মুদ্রা। একই পথ ধরে আসছে কনিয়ে ওয়েস্ট নামে নতুন ভার্চুয়াল মুদ্রা।

উদ্বোধনী অনুষ্ঠানে এক লাখ ভার্চুয়াল মুদ্রা অবমুক্ত করা হবে বলে জানা গেছে। নতুন ওই মুদ্রা ব্যবহার করে দর্শকরা কনসার্টের টিকেট কিনতে পারবে বলেও উল্লেখ করা হয়েছে।

ভার্চুয়াল মুদ্রার দাম নির্ভর করে কতসংখ্যক মানুষ এটি ব্যবহার করছে তার উপর।