২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বছরে সামাজিকতায় সাত ‘না’

নতুন বছর উপলক্ষ অনেকেই নতুন নতুন লক্ষ্য ঠিক করে এবং তা পূরণের চেষ্টা করে। নতুন এ লক্ষ্য ঠিক করার প্রধান উদ্দেশ্য কিন্তু হচ্ছে নিজেকে আরও গুছিয়ে আনা এবং অতীত ভুলের পুনরাবৃত্তি না করা। সামাজিক মাধ্যমে আমরা প্রায়ই বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হই, যা মোটেও কাম্য নয়। এ জন্য বিষয়টিকে কেন্দ্র করে সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে সাতটি সংকল্পের কথা জানিয়েছে যা আমরা মেনে চললেই বেশ কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব হবে। চলুন জেনে নেই সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রের সে সাতটি সংকল্প--

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2014, 06:32 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

১. খাবারের ছবি বেশি পোস্ট করছেন না তো!

অনেকেই সামাজিক মাধ্যমে অতিমাত্রায় খাবারের ছবি পোস্ট করে থাকে। এমনকি অনেকে প্রতিদিন কী খাচ্ছে, সেটির ছবিও নিয়মিত পোস্ট করে। বিষয়টি হয়তো আপনার কাছে নিছক আনন্দ। কিন্তু অন্যের বেলায় বিষয়টা বিরক্তিকর। আর তাই অতিমাত্রায় খাবারের ছবি পোস্ট করা থেকে বিরত থাকাটা হতে পারে নতুন বছরের সুন্দর একটি সংকল্প।

২. টুইট করার আগে একবার ভাবুন

অনেক টুইটার ব্যবহারকারীই যা মনে আসে তা-ই টুইট করে, অন্যান্য ব্যবহারকারীর ফিড নিজের টুইট দিয়ে ভরিয়ে ফেলে। বিষয়টিকে এক হিসেবে স্প্যাম বলা যেতে পারে। আবার অনেকে অন্যকে কটাক্ষ করে টুইট করে। আপনি যদি এমন একজন হয়ে থাকেন তাহলে নতুন এ বছরটিতে সংকল্প করতে পারেন এ কাজটি আর করবেন না। টুইট করার আগে একবার ভেবে নিন কী টুইট করতে যাচ্ছেন, তার প্রভাব কী হতে পারে।

৩. অনুমতি নিয়েই অন্যের ছবি পোস্ট করা

অনেকেই বন্ধুর বিব্রতকর মুহূর্তের ছবি বা সাধারণ ছবি অনুমতি ছাড়াই পোস্ট করে দেয়। এ বিষয়টি মোটেও ভালো নয়। একবার চিন্তা করে দেখুন এ কাজটি আপনাকে নিয়ে করা হলে সেটি আপনার কেমন লাগত। আর তাই সংকল্প হিসেব ঠিক করতে পারেন বন্ধুর যে ছবিই হোক না কেন, পোস্ট করার আগে অনুমতি নিয়ে তারপর পোস্ট করবেন।

৪. তথ্যের সত্যতা যাচাই

সামাজিক মাধ্যমগুলোতে অহরহ ভুয়া খবর পোস্ট হতে থাকে। আর অনেকেই দেখা যায় বিষয়টির সত্যতা যাচাই না করে বিষয়টি শেয়ার করতে থাকে। ফলে সৃষ্টি হয় বিভ্রান্তি। অথচ আপনি একটু কষ্ট করলেই পোস্টটি ভুয়া না সঠিক তা জানতে পারেন, অনেক গণমাধ্যম রয়েছে তাদের সাইটে গিয়ে দেখতে পারেন, বিষয়টি যাচাই করে নিতে পারেন। নতুন বছরের সংকল্প হিসেবে এটিকেও আপনার তালিকাভুক্ত করতে পারেন।

৫. অতিরিক্ত ছবি পোস্ট করা থেকে বিরত থাকা

ইনস্টাগ্রাম, টু্ইটার, ফেইসবুক এসব মাধ্যমে আপনি ছবি পোস্ট করতেই পারেন। কিন্তু বিষয়টি মাত্রা অতিক্রম করলে তা আপনার বন্ধুদের বিরক্তির কারণ হতে পারে। সুতরাং এ বছরের সংকল্প হিসেবে লিখে নিতে পারেন মাত্রাতরিক্ত ছবি পোস্ট করবেন না।

৬. সেলোফিতে সাবধান

সেলফির বছর ছিল ২০১৩। আপনি নিজের অ্যাকাউন্টে সেলফ পিক বা সেলফি পোস্ট করবেন সেটাই স্বাভাবিক। কিন্তু অনেকেই নিজের এমন ছবি পোস্ট করে যা মোটেও স্বাভাবিক নয়। মনে রাখবেন, একবার পোস্ট করা ছবি অনেকটা ছুড়ে দেওয়া তীরের মতো, যার গতি আর নিয়ন্ত্রণ করা যায় না। ফলে এ ছবিটি হয়তো এক সময় আপনাকেই বিব্রত করবে। আর তাই ভেবেচিন্তে ছবি পোস্ট করার বিষয়টিকেও নিজের সংকল্প তালিকায় স্থান দিতে পারেন।

৭. কেবল সংখ্যায় নেটওয়র্ক গড়ছেন না তো?

অনেকেই সোশাল মিডিয়ায় বন্ধু তালিকা বাড়াতে, লাইক পেতে, ফলোয়ার সংগ্রহ করতে উঠেপড়ে লাগেন। এ বিষয়ে নানাজন জ্ঞানগর্ভ পরামর্শও দিয়ে থাকেন। ওই সব পরামর্শ ঝেড়ে ফেলুন। যোগাযোগ সামাজিকতার ব্যকরণ একেবারেই পাল্টায়নি। তালিকায় নামের সংখ্যার চেয়ে সত্যিকারের নেটওয়ার্ক বাড়ানোর চেষ্টা করুন।  এতে আপনার যেমন তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, ঠিক তেমনই কোনো সমস্যায় তাদের কাছে পাবার সম্ভাবনাও বাড়ে।