চিন্তাশক্তিতে ভার্চুয়াল হাত নাড়াল বানর
যুক্তরাষ্ট্রের ডিউক ইউনিভার্সিটির গবেষকরা বানরদের এমনভাবে প্রশিক্ষণ দিয়েছেন যে, তারা শুধু চিন্তাশক্তি ব্যবহার করেই ভার্চুয়াল হাত নাড়াতে সক্ষম হয়েছে।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, এ গবেষণার জন্য দুটি বানরকে ব্যবহার করা হয়েছে।
বানর দুটিকে প্রধানত নিউরোইঞ্জিনিয়ারিং এর গবেষণার জন্য ইউনিভার্সিটিতে আনা হয়েছিল। পরীক্ষার অংশ হিসেবে বানর দুটিকে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে বানর দুটি কম্পিউটারে তৈরি বানরের একটি ভার্চুয়াল হাত শুধু চিন্তাশক্তির সাহায্যেই নাড়াতে সক্ষম হয়েছে। গবেষকরা নিশ্চিত করেছেন, এ কাজে বানর দুটি মস্তিষ্ক বাদে দেহের অন্য কোনো অংশ কাজে লাগায়নি।
আসল বানর দুটি কম্পিউটারের তৈরি কৃত্রিম জগতের নানা জিনিসের দিকে অ্যাভাটার বানরটির হাত বাড়িয়ে দিতে পেরেছে। ডিউকের গবেষকরা জানিয়েছেন, এ গবেষণার মধ্য দিয়ে এবারই প্রথম প্রাইমেট মস্তিষ্ক এবং ভার্চুয়াল শরীরের মধ্যে একটি সংযোগ স্থাপন করা হয়েছে।
বানর ছাড়াও মানুষের উপর পরীক্ষাটি চালানো সম্ভব হতে পারে বলে জানিয়েছেন গবেষণাদলের প্রধান মিগুয়েল নিকোলিস।
নিকোলিস এক বিবৃতিতে জানিয়েছেন, পরীক্ষাটি হয়তো ভবিষ্যতে গুরুতর পক্ষাঘাতগ্রস্ত মানুষের কাজে আসতে পারে। নতুন এ প্রযুক্তিটি ২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপে দেখানো হবে।
