গুগল ম্যাপেই ব্যবসার খবর
ইন্টারনেট জায়ান্ট গুগল ব্যবসায়ীদের জন্য গুগল ম্যাপে নতুন সেবা যুক্ত করেছে। গুগল ম্যাপে টুলটি ব্যবহার করে ব্যবসা সম্পর্কিত বিভিন্ন খবরাখবর আপলোড করা যাবে।
এক প্রতিবেদনে প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, নতুন ওই টুল ব্যবহার করতে মাসপ্রতি পাঁচ ডলার খরচ করতে হবে ব্যবসা প্রতিষ্ঠানটিকে।
এতে ব্যবসার অবস্থান, ইনভেনটরি ডেটা, অফিস লোকেশন ও বিক্রি সম্পর্কিত ব্যবসার গুরুত্বপূর্ণ তথ্য গুগল ম্যাপেই প্রকাশ করা যাবে। এছাড়া সিএসভি, টিএসভি, এক্সএলএসএক্স, মাই ম্যাপস ও স্প্রেডশিট যুক্ত করে বন্ধুদের সঙ্গে শেয়ার করা যাবে ব্যবসার গুরুত্বপূর্ণ তথ্য।
এছাড়া গুগল ম্যাপস ইঞ্জিন প্রো সংস্করণে ব্যবহারকারী তার ব্যবসায়িক এলাকা ম্যাপে নির্দিষ্ট করে দিতে পারবেন। এতে সহজেই ব্যবসার অবস্থান ও আয়তন শনাক্ত করা যাবে। টুলটির মাধ্যম সহকর্মীদের সঙ্গে ব্যবসা সম্পর্কিত তথ্যবিনিময় করার অপশনও থাকবে।
ব্লগপোস্টে গুগল ম্যাপের প্রকৌশল বিভাগের ভাইস প্রেসিডেন্ট ব্রায়ান ম্যাকক্লেনডন জানান, নতুন এ সেবা স্মার্টফোন ও কম্পিউটারের মাধ্যমে পাওয়া যাবে। এতে শুধু ব্যবসার স্থান নয়, এ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যও জানা যাবে।
