উইন্ডোজ ফোনে ইন্সটাগ্রাম
ফটো-ভিডিও শেয়ারিং ও সোশাল নেটওয়ার্কিং সার্ভিস ইন্সটাগ্রাম আসছে নোকিয়ার স্মার্টফোনে।
এক প্রতিবেদনে প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, নোকিয়ার লুমিয়া ২৫২০ উইন্ডোজ আরটি ট্যাবলেট ও লুমিয়া ১৫২০ উইন্ডোজ ফোন ৮ স্মার্টফোনে ইন্সটাগ্রাম ব্যবহার করা যাবে।
ইন্সটাগ্রামের সহ-প্রতিষ্ঠাতা ও চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) কেভিন সিসট্রোম বলেন, “আমরা চাই ইন্সটাগ্রামের মাধ্যমে জীবনের রঙিন মুহূর্তগুলো সবাই যেন শেয়ার করতে পারে। উইন্ডোজ ফোনে এতদিন অ্যাপটি ব্যবহারে যে সীমাবদ্ধতা ছিল, এখন তা দূর হবে।”
এতে উইন্ডোজ ফোন ও ট্যাবলেট ব্যবহারকারী যে কেউ ইন্সটাগ্রামের মাধ্যমে ছবি শেয়ার করতে পারবেন। তবে, সুবিধাটি পেতে অপেক্ষা করতে হবে আরো সপ্তাহখানেক।
উইন্ডোজ ফোনে জনপ্রিয় অ্যাপ্লিকেশন ব্যবহারের জন্য ইতোমধ্যে ডেভেলপারদের সঙ্গে অফিসিয়ালি যোগাযোগ শুরু করেছে মাইক্রোসফট। এছাড়া অনলাইনে সোশাল ম্যাগাজিন ফ্লিপবোর্ড ও ভাইন উইন্ডোজ ফোনে সংযুক্ত হওয়ার জন্য প্রক্রিয়াধীন রয়েছে।
