ব্রেডকে কিনল ইয়াহু
ইন্টারনেটে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান ইয়াহু এবার কিনল ইউআরএল শর্টেনার সার্ভিস ব্রেডকে।
এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, ইয়াহুর সঙ্গে চুক্তির কারণে শুক্রবার বন্ধ করে দেওয়া হয় ব্রেডের বেশকিছু সার্ভিস।
ব্রেড সোসাল ও ব্রেড ওভেন বন্ধ করে দেওয়া হয়েছে। তবে নভেম্বরের ১১ তারিখ পর্যন্ত ব্রেডের সব ইউআরএল শর্টেনার সার্ভিস সচল থাকবে বলে, এক পোস্টে লিখেছেন ব্রেডের সিইও অ্যালান চ্যাং।
চ্যাং আরও লিখেছেন, ব্রেডের কর্মীরা পরবর্তী প্রজন্মে সামাজিক ও মোবাইলের প্রকাশক ও বিজ্ঞাপনের উন্নয়নের জন্য কাজ করবে।
কী পরিমাণ অর্থের বিনিময়ে প্রতিষ্ঠানটি হস্তান্তর হল, তা এখনও প্রকাশ করা হয়নি।
২০১২ সালে মারিসা মেয়ার ইয়াহুতে সিইও হিসাবে যোগদানের পর এটি ইয়াহুর সাম্প্রতিক কেনা প্রতিষ্ঠান। ইয়াহুকে আবার এক নম্বর ওয়েবসাইট জায়ান্ট হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাচ্ছেন মেয়ার।
