২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মানুষের মতো চিন্তা করবে সুপারকম্পিউটার

২০২০ সাল নাগাদ বিশ্বের দ্রুততম কম্পিউটার বানাতে বিজ্ঞানীদের একটি বড় দল কাজ শুরু করেছেন। তাদের সহায়তা করবে কম্পিউটার ও প্রযুক্তিপণ্য নির্মাতা আইবিএম, ক্রে, ইনটেলসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2013, 09:12 AM

Updated : 25 Apr 2022, 07:23 PM

এক প্রতিবেদনে প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, উদ্ভাবিত কম্পিউটারটি মানুষের মস্তিষ্কের মতোই বেশকিছু কাজ করতে পারবে।

‘ইউম্যান ব্রেইন প্রজেক্ট’ নামে এ প্রকল্প নিয়ে কাজ শুরু করেছেন বিজ্ঞানী ও গবেষকদের বড় একটি দল। সুইজারল্যান্ডে প্রযুক্তিবিদদের এক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়েছে।

এ প্রকল্পে কাজ করবেন ১৩৫টি বিজ্ঞানবিষয়ক প্রতিষ্ঠান ও সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তারা। প্রকল্পের বাজেট ধরা হয়েছে ১৬০ কোটি ডলার।

প্রযুুক্তিবিদরা আশা করছেন, এ প্রকল্প সফলতার মুখ দেখলে এখনকার দ্রুততম কম্পিউটারের চেয়ে কমপক্ষে এক হাজার গুণ গতিতে ডেটা বিশ্লেষণ করা সম্ভব হবে।

এখনকার কম্পিউটার হার্ডওয়্যারে পরিবর্তনের মাধ্যমে সেকেন্ডে এক কোয়াড্রিলিয়ন অংক করতে পারে। হিউম্যান ব্রেইন প্রজেক্টের পরিচালক হেনরি ম্যার্কর‌্যাম বানাতে চান এর চেয়েও দ্রুতগতির কম্পিউটার। সুপার কম্পিউটারে যুক্ত করতে চান মানুষের মতো চিন্তাশক্তি প্রয়োগকরে কাজ করতে পারার কলাকৌশল।

এ প্রকল্পে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে সুপার কম্পিউটার নির্মাতা আইবিএম, ক্রে, ইনটেল এবং বুলসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান। ২০২০ সাল নাগাদ এ কম্পিউটার তৈরির আশ্বাস দিয়েছেন গবেষকরা।