সায়েন্স ফিকশন থেকে ভিন্নধরনের গেইম
সায়েন্স ফিকশন নিউরোম্যান্সার থেকে অনুপ্রাণিত হয়ে নতুন একটি গেইমিংয়ের পরীক্ষা শুরু করা হয়েছে। প্রযুক্তিটি আইফোন এবং ওকুলাস রিফট নামের ভার্চুয়াল রিয়ালিটি হেডসেটকে সংযুক্ত করে গেইমারদের দেবে নতুন অভিজ্ঞতা।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, পরীক্ষামূলক এ গেইমটির নাম কেস অ্যান্ড মলি এবং প্রকল্পটির নির্মাতা গ্রেগ বরেনস্টাইন।
উপন্যাসটির প্রধান দুই চরিত্রের নামেই গেইমটির নামকরণ করা হয়েছে। উপন্যাসের চরিত্রদুটি কল্পজগত এবং বাস্তবজগত একই ধাপে এনে চলাফেরা করতেন। পরীক্ষামূলক এ গেইমটিতেও অনেকটা সে রকমই করার চেষ্টা করা হয়েছে।
গেইমটিতে গেইমার অকুলাস রিফট হেডসেটটিকে আইফোনের সঙ্গে সংযুক্ত করে বিশ্বের যে কোনো জায়গায়, যে কোনো সময়ে ভার্চুয়ালি ভ্রমণ করতে পারছেন।
এ প্রসঙ্গে বরেনস্টাইন জানিয়েছেন, এটি সত্যিই খুব আকর্ষণীয় যে অকুলাস রিফট বিশ্বকে থ্রিডিতে যে কোনো সময়ে, যে কোনো জায়গা থেকে দেখার সুযোগ করে দিচ্ছে।
এটি করার জন্য বরেনস্টাইন দুটি আইফোনকে একসঙ্গে ট্যাপ করে থ্রিডি ক্যামেরার মতো তৈরি করেছেন এবং ওই থ্রিডি ক্যামেরার লাইভ ভিডিও অকুলাস রিফট হেডসেটে স্ট্রিম করার ব্যবস্থা করেছেন।
