তাজমহলসহ শতাধিক স্থাপনা স্ট্রিট ভিউতে
ভারতের সংস্কৃতি মন্ত্রণালয় ও আর্কিওলজিক্যাল সার্ভের সঙ্গে যৌথভাবে কাজ করছে ইন্টারনেট জায়ান্ট গুগল। ফলে তাজমহল, অজন্তা, ইলোরা ও কুতুবমিনারের মতো স্থাপনা দেখতে পাওয়া যাবে গুগল ম্যাপস-এ।
এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, মঙ্গলবার থেকে শুরু হওয়া গুগলের এই প্রকল্পে ভারতের শতাধিক স্থাপনার ছবি তোলা হচ্ছে। এগুলো ইন্টারনেটের মাধ্যমে গুগলের স্ট্রিট ভিউ সার্ভিসে ৩৬০ ডিগ্রি ভিউতে দেখা যাবে।
প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে, “গুগলের উদ্দেশ্য আরও তথ্যের জোগান দেওয়া। পৃথিবীর বিভিন্ন সংস্কৃতির কাহিনি তুলে ধরতে গুগল সবসময় নতুন পথ খুঁজছে ও সেগুলোকে সহজলভ্য করে তুলছে।”
ভারতীয় ঐতিহ্যগুলোকে বিশ্বব্যাপী সবার কাছে পৌঁছে দিতে ও তাদের ঐতিহ্য পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষণে এই প্রকল্প সাহায্য করবে বলে আশা করছে গুগল।
এক বিবৃতিতে ভারতের আর্কিওলজিক্যাল সার্ভের মহাপরিচালক প্রাভিন শ্রীবাস্তব বলেন, “আমরা বিশ্বাস করি, ১০০টি স্থাপনাগুলোর সামগ্রিক ছবি শুধু আমাদের সংস্কৃতি দেখার নতুন মাধ্যম নয়, বরং নতুন প্রজন্মের জন্য ডিজিটাল মাধ্যমে ভারতীয় ঐতিহ্য সংরক্ষণের একটি নতুন পথ।”
