২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপে কর্মী নেবে হুয়াউয়েই

ইউরোপে ব্যবসা সম্প্রসারণ করতে চীনের টেলিকমিউনিকেশন যন্ত্রপাতি নির্মাতা হুয়াউয়েই আগামী পাঁচ বছরে সাড়ে পাঁচ হাজার নতুন কর্মী নিয়োগ করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2013, 06:33 PM

Updated : 25 Apr 2022, 07:17 PM

চীনের রাষ্ট্রীয় সংবাদপত্র চায়না ডেইলির বরাতে সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে আগামী পাঁচ বছরে একশ’ কোটি ডলার ব্যবসার লক্ষ অর্জনের চেষ্টা করবে হুয়াউয়েই।

বিশ্বের দ্বিতীয় শীর্ষ টেলিকম যন্ত্রপাতি নির্মাতা হুয়াউয়েইয়ের মার্কেটিং অ্যান্ড সলিউশন বিভাগের প্রেসিডেন্ট পেটরিক জিহ্যাং চায়না ডেইলিকে জানান, ইউরোপের বাজারে ইনফরমেশন টেকনোলজি সলিউশন সেবা দিতে আগামী পাঁচ বছরে সাড়ে পাঁচ হাজার কর্মী নিয়োগ নেওয়া হবে।

ইউরোপে ব্যবসা সম্প্রসারণ সম্পর্কে ইউরোপিয়ান কমিশন অভিযোগ করেছে, চীনের আরেকটি স্মার্টফোন নির্মাতা জেডটিইর প্রতিদ্বন্দ্বী হিসেবে হুয়াউয়েই ইউরোপে তাদের বাণিজ্য সম্প্রসারণ করছে।

এদিকে জিহ্যাং-এর মতে যুক্তরাষ্ট্রের চেয়ে ইউরোপে তাদের পণ্যের বাজার বেশি সম্ভাবনাময়। তাছাড়া যুক্তরাষ্ট্র বেশকিছু নীতিমালা তৈরি করায় সেখানে প্রতিবন্ধকতা রয়েছে।

হুয়াউয়েই প্রত্যাশা করছে প্রতি বছর ১০ ভাগ করে তাদের প্রবৃদ্ধি বাড়াবে। ২০১২ সালে হুয়াউয়েই তিন হাজার পাঁচশ’ কোটি ডলার রাজস্ব আয় করেছে।